রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে নারীবিদ্বেষী প্রবণতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিন সাংসদ। তাঁরা বলেছেন, নারী নির্যাতনে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়ার ফলে বারবার নির্যাতনের ঘটনা ঘটছে। নারী নির্যাতনবিরোধী অনেক আইন থাকলেও সেগুলো প্রয়োগে দুর্বলতা আছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল মঙ্গলবার ‘নারীর প্রতি সহিংসতা রুখো, নারী অধিকার সুরক্ষায় আইনের কঠোর বাস্তবায়ন চাই’ শীর্ষক মতবিনিময় সভায় এই তিন সাংসদ এসব কথা বলেন। সভার আয়োজক ছিল বাংলাদেশ নারী মুক্তি সংসদ।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, রাষ্ট্রের ভেতরে সাংঘাতিক প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী রয়ে গেছে। পয়লা বৈশাখে নারী লাঞ্ছনা শুধু নারীর ওপর হামলা নয়, এর সঙ্গে পয়লা বৈশাখও একটি কারণ। পয়লা বৈশাখ অপশক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অপছন্দের কারণ।
ছাত্র ইউনিয়নের মিছিলে ছাত্রী লাঞ্ছনায় জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান সাংসদ শিরীন আখতার। তিনি বলেন, ‘যেভাবে হামলা হয়েছে তাতে বলা যায় না পুলিশ জনগণের বন্ধু। সম-অধিকারের সুযোগ নারীরা এখনো পায়নি। নারীবান্ধব কর্মপরিবেশ করতে পারলে নারীরা অর্থনীতিতে অবদান আরও বাড়বে।’
পুলিশ সদস্যদের হাতে নারী লাঞ্ছনার কোনো প্রতিবাদ না জানানোয় রাজনৈতিক নেতা ও নারী সাংসদদের সমালোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সহসম্পাদক রাখী দাস পুরকায়স্থ।
সভায় সূচনাপত্র পাঠ করেন নারী মুক্তি সংসদের সহসম্পাদক শিউলী শিকদার। এতে নারীর প্রতি সহিংসতা বন্ধে যেসব সুপারিশ করা হয়, তার মধ্যে আইনের কঠোর বাস্তবায়ন, পাঠ্যসূচিতে নারী নির্যাতনবিরোধী লেখা, আইনত দণ্ডনীয় ফতোয়া বিষয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে পদক্ষেপ গ্রহণ এবং জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সব প্রকার বৈষম্য বিলোপ সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অন্যতম।
সভাপতির বক্তব্যে সাংসদ হাজেরা সুলতানা বলেন, নারী নির্যাতনের একটি ঘটনা মিলিয়ে না যেতেই আরেকটি ঘটনা ঘটছে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ১০-১২টি আইন, অধ্যাদেশ থাকলেও বাস্তবায়ন কম। যারা নিরাপত্তা দেবে তারা নিশ্চুপ-নির্বিকার, কখনো টাকার কাছে আপস করছে।
সভায় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নারী ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন্নেসা খান, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক প্রমুখ বক্তব্য দেন।