ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশে নির্বাচন হলেও গণতন্ত্র নেই। রাষ্ট্রের সব নির্বাহী ক্ষমতা এক ব্যক্তির হাতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক সেমিনারে সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্র ‘বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট: রাষ্ট্র-দার্শনিক ও নীতিদার্শনিক বিশ্লেষণ’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সংকট আমাদের সংবিধানের মধ্যেই রয়েছে। এতে রাষ্ট্রের সমস্ত নির্বাহী ক্ষমতা এক ব্যক্তির কাছে চলে গেছে। তার ইচ্ছানুযায়ী দেশ চলছে। নির্বাচন হওয়া সত্ত্বেও একে গণতন্ত্র বলা যায় না।’ তিনি বলেন, দেশের প্রধান দুই রাজনৈতিক দলের ‘প্রধান ঐক্য’ হচ্ছে তারা দলপ্রধানের কথামতো চলে।
মূল প্রবন্ধে দর্শন বিভাগের অধ্যাপক হারুন রশিদ বলেন, যত দিন জনগণের গণতান্ত্রিক শক্তি বিকশিত না হবে তত দিন রাজনৈতিক সংকট বিদ্যমান থাকবে। রাষ্ট্র ও সরকারের যেমন আইনগত ভিত্তি রয়েছে তেমনি নৈতিক ভিত্তিও আছে। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে এই ভিত্তি প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেন তিনি।
নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক হোসনে আরা আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।