রাষ্ট্রের সব নাগরিককে জবাবদিহি করতে হবে: আ স ম রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব
ছবি: প্রথম আলো

রাষ্ট্রের ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেক নাগরিককে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। জবাবদিহি না থাকায় দেশে সংসদীয় স্বৈরাচার কায়েম হয়েছে বলে মনে করেন তিনি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় এসব কথা বলেন আ স ম আবদুর রব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আকাঙ্ক্ষিত বাংলাদেশ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে জেএসডি।

জেএসডি সভাপতি বলেন, ‘ন্যায়পালের অংশটা ওনারা (সংবিধানপ্রণেতারা) সংবিধানে রেখেছিলেন কিন্তু গত ৫০ বছরে ন্যায়পাল নিয়োগ হয় নাই। ন্যায়পাল নিয়োগ হলে প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে জবাবদিহি করতে হবে।’

মুক্তিযুদ্ধের সময় অধিকাংশ জনগণ স্বাধীনতার পক্ষে ছিলেন উল্লেখ করে জেএসডি সভাপতি বলেন, আজ অধিকাংশ জনগণ এই স্বৈরাচারী সরকারের বিপক্ষে। জনগণের মনে দুঃখ, ক্ষোভ, ব্যথা, বেদনা ও যন্ত্রণা আছে। মানুষের আকাঙ্ক্ষা, তাঁরা এ সরকারের পরিবর্তন চান।

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা একটা সমৃদ্ধ, সুখী জীবন চাই, যে জীবন আমাদের মুক্ত করবে, কথা বলতে দেবে। কিন্তু এমন একটা শাসন আমাদের ওপর চেপে বসে আছে, যা প্রতিমুহূর্তে কর্তৃত্ব করছে। একটা সিন্দাবাদের দৈত্য ঘাড়ের ওপরে চেপে বসেছে, যাকে নামানো যাচ্ছে না।’

গণফোরাম নেতা আবু সাইয়িদ বলেন, এখন সব ক্ষমতা এক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়েছে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ গণতন্ত্রের মাধ্যমে এই ক্ষমতা থেকে সরানোর সব জায়গা দলীয়করণ করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, এই সরকার যাওয়ার বিকল্প হচ্ছে নতুন একটা রাজনৈতিক ব্যবস্থা। এ জন্য শেখ হাসিনাকে আগে পদত্যাগ করতে হবে। এই জায়গায় যত দ্রুত ঐকমত্য তৈরি হবে, তত মঙ্গল। তিনি বলেন, শেখ হাসিনার অধীন কোনো নির্বাচন নয়।

সভায় আরও বক্তব্য দেন জেএসডির কার্যকরী সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও জাতীয় সরকারের দাবিতে ৩১ মার্চ দেশব্যাপী সমাবেশের ঘোষণা দেয় জেএসডি।