যশোরের মালোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জন্য নির্বাচন প্রতিহত করার ডাক দেওয়া রাজনৈতিক শক্তিগুলোর স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করেছে গণজাগরণ মঞ্চ। হামলা প্রতিরোধে রাষ্ট্রের সবগুলো অঙ্গ চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও দাবি করেছে তারা। সাম্প্রদায়িক এসব সহিংসতার জন্য বিচারহীনতার সংস্কৃতিকে মূল কারণ হিসেবে দেখছে মঞ্চ।
১০ ও ১১ জানুয়ারি ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে রোডমার্চ’ শেষে গতকাল সোমবার শাহবাগের প্রজন্ম চত্বরে এক সংবাদ সম্মেলনে মঞ্চের পক্ষ থেকে এসব কথা বলা হয়। এ সময় মঞ্চের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়।
লিখিত বক্তব্যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, মালোপাড়ায় অবস্থানকালে মঞ্চের ১৬ সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিংস টিম’ সেখানে কাজ করে। এই দলটি বিভিন্ন পেশাজীবী তরুণকে নিয়ে গঠিত হয়েছিল, যাঁদের অধিকাংশেরই এসব কাজে পেশাদারি অভিজ্ঞতা রয়েছে।
পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, সহিংসতার ঘটনায় স্থানীয় সরকারের অঙ্গপ্রতিষ্ঠানগুলো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। হামলার আশঙ্কার কথা ৫ জানুয়ারি দুপুরের আগে জানলেও হামলার তিন দিন পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ঘটনাস্থলে যান কিন্তু চেয়ারম্যান এখন পর্যন্ত সেখানে যাননি। স্থানীয় থানা থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হয়নি। হামলা প্রতিরোধে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং তাঁদের সমর্থকেরাও কোনো উদ্যোগ গ্রহণ করেননি।
প্রতিবেদনে বিচারহীনতার সংস্কৃতিকে সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস বিস্তারের মূল কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়, একাত্তর সাল-পরবর্তী কোনো সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনারই বিচার হয়নি। এসব কারণে সাম্প্রদায়িক সন্ত্রাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই অবিলম্বে সব সাম্প্রদায়িক সন্ত্রাসের মামলাগুলো চাঞ্চল্যকর মামলার মতো আলাদা তালিকা করে বিচার নিশ্চিত করা প্রয়োজন।
প্রতিবেদনে হামলা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে প্রশাসনযন্ত্রের প্রশিক্ষণে সাম্প্রদায়িক সন্ত্রাস বিষয়টি জোর দিয়ে আলাদা কার্যক্রম গ্রহণ করা, সারা দেশের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ‘সাম্প্রদায়িক সন্ত্রাস’ বিষয়ে সচেতন করা ও তাঁদের দায়িত্ব পালনে সহায়তার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া, উগ্র সাম্প্রদায়িক উসকানিমূলক রাজনৈতিক বক্তব্যকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার সুপারিশ করা হয়েছে।