রাষ্ট্রের সম্পদ বাঁচাতে প্রাণ দিলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা দুজনই চেয়েছিলেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে। তাই প্রতিবাদও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুজনের একই পরিণতি হয়েছে—দুর্বৃত্তদের হাতে মৃত্যু। সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় ব্যাংকে ডাকাতির ঘটনায় নিহত ব্যবসায়ী শাহাবুদ্দিন ওরফে পলাশ (৫২) ও নিরাপত্তাকর্মী (গানম্যান) ইব্রাহিম হোসেনের (৪৫) গ্রামের বাড়িও গতকাল যেন হয়ে উঠেছিল মৃত্যুপুরী।
‘ছোটবেলা থেকেই চাচা ছিলেন প্রতিবাদী। কখনো খারাপ কিছু দেখে থেমে থাকেননি, প্রতিবাদ করেছেন। জীবনের প্রয়োজনে ঢাকায় গেলেও এলাকার কথা ভেবেছেন। অল্পদিনের মধ্যে এলাকায় আসার কথা ছিল তাঁর। তিনি প্রায়ই বলতেন এলাকায় ফিরে কিছু একটা করবেন। যা সবার মাঝে তাঁকে বাঁচিয়ে রাখবে।’ কথাগুলো বলছিলেন আশুলিয়ার ব্যাংক ডাকাতিতে নিহত ঝিনাইদহের ব্যবসায়ী পলাশের ভাতিজা মাজাহারুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে যখন পলাশের মৃত্যুর খবর পৌঁছায়, তখন থেকেই বাড়িটিতে চলছে শোকের মাতম। নয় ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। ব্যবসার প্রয়োজনে থাকতেন আশুলিয়া এলাকায়। মঙ্গলবারের আশুলিয়ার ব্যাংক ডাকাতির সময় তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন। বাঁচানোর চেষ্টা করেছেন ব্যাংকের ব্যবস্থাপককে। একপর্যায়ে তিনি নিজেই প্রাণ দিয়েছেন।
ভাতিজা মাজাহারুল ইসলাম জানান, লক্ষণদিয়া গ্রামের শামছুদ্দিন মোল্লার পুত্র পলাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয় নিয়ে পড়ালেখা করেন। ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে তিনি মাস্টার্স পাস করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে আশুলিয়ার নানা ব্যবসা তাঁকে আকর্ষণ করে।
একপর্যায়ে সেখানে ব্যবসা শুরু করেন। আশুলিয়ার কাঠগড়া এলাকায় গ্লোরিয়াস ফ্যাশন নামের একটি প্রিন্টিং কারখানা গড়ে তোলেন তিনি। এরপর বিয়ে করেন এবং ঢাকায় বসবাস শুরু করেন। সেই থেকে তিনি ঢাকাতেই থাকতেন।
মাজাহারুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে একটি ফোন আসে। তখন জানতে পারেন পলাশ আর নেই। সঙ্গে সঙ্গে ছুটে যান আশুলিয়ায়। ঘটনাস্থলে যাওয়ার পর শুনেছেন পলাশ মঙ্গলবার দুপুরে ওই ব্যাংকে টাকা ওঠাতে যান। টাকা নিয়ে বের হতে যাবেন, এমন সময় প্রবেশ করে ডাকাত দল। তিনি প্রতিবাদে এগিয়ে যান। ব্যাংকের ব্যবস্থাপককে বাঁচাতে যান পলাশ। তখনই ডাকাত দল তাঁর ওপর আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পেটে আঘাত করে নির্মমভাবে তাঁকে হত্যা করে। ছোট ভাই নাসির উদ্দিন জানান, বাবা শামসুদ্দিন মোল্ল্যা এই খবর পেয়ে পাগলের মতো হয়ে গেছেন। তাঁদের মা তহিদুন নেছা মারা গেছেন। তিনি জানান, তাঁর ভাইকে গতকাল বুধবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আশুলিয়ায় কমার্স ব্যাংকে দিনদুপুরে ভয়াবহ দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নিহত ওই ব্যাংকের নিরাপত্তাকর্মী (গানম্যান) ইব্রাহিম হোসেনের (৪৫) বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম আবাদপুর গ্রামে। গত মঙ্গলবার বিকেলে মুঠোফোনে তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছার পর থেকে গ্রামটি শোকে স্তব্ধ হয়ে গেছে। আর তাঁর বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর স্ত্রী ও তিন মেয়ে এখন পাগলপ্রায়।
গতকাল দুপুরে ইব্রাহিমের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী ইয়াসমীন খাতুন ও তিন মেয়ে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন।
আহাজারি করতে করতে ইয়াসমীন বলছিলেন, ‘আগের দিনই (সোমবার) লোকটা আমাকে ফোনে বলল, “তুমি কোনো চিন্তা কোরো না। আমি আগামী মাসেই ছুটিতে বাড়িতে আসব।” সেই লোকটাকে মেরে আমার তিন মেয়েকে এতিম করল। আল্লাহ এখন আমার সংসার চলবে কী করে। ওদের তুমি বিচার করো আল্লাহ’— বলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
মায়ের পাশেই বসে কাঁদছিলেন ইব্রাহিমের তিন মেয়ে প্রেমা, সোমা ও রিভা। তাঁদের বুকফাঁটা আর্তনাদে কেউই চোখের পানি আটকে রাখতে পারেননি।
ইব্রাহিমের দাফনের খবর জানিয়ে তাঁর ভায়রা নুরে আলম সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রের জানমাল রক্ষা করতে গিয়ে ইব্রাহিম প্রাণ হারিয়েছেন। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ইব্রাহিমের পরিবারের দায়িত্বভার নেবে, এমনটাই আমরা আশা করছি।’