রাস উৎসব ঘিরে উপকূলে কঠোর নিরাপত্তাব্যবস্থা
২৬ নভেম্বর পূর্ণিমার রাতে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। দুবলার চরের আলোর কোলে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসব ও মেলা উদ্যাপনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। সুন্দরবন উপকূলজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।বন বিভাগ সূত্রে জানা গেছে, রাস পূর্ণিমায় তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য বন বিভাগ আটটি নৌপথ নির্ধারণ করেছে। তাঁদের নিরাপত্তা দিতে এসব পথে নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, বন বিভাগ, পুলিশ ও বিজিবি দায়িত্ব পালন করবে। সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন করতে এরই মধ্যে তাঁদের প্রস্তুতি শুরু হয়েছে। দর্শনার্থী ও তীর্থযাত্রীরা ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনের জন্য এসব পথে চলাচলের অনুমতি পাবেন। বনের প্রবেশপথে তাঁদের তিন দিনের জন্য জনপ্রতি ৫০ টাকা ও ট্রলারপ্রতি এক হাজার ৪০০ টাকা ভাড়া দিতে হবে। যেসব পর্যটক লঞ্চ নিয়ে যাবেন, তাঁদের জনপ্রতি প্রতিদিনের জন্য ৫০ টাকা ও লঞ্চের ভাড়া আলাদাভাবে দিতে হবে। যাত্রীরা বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার থামানোর সুযোগ পাবেন না। পটকাসহ যেকোনো ধরনের বিস্ফোরক বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. সাহাবুদ্দিন বলেন, রাস মেলাকে কেন্দ্র করে কেউ যাতে বন থেকে হরিণ শিকার করতে না পারে, সে জন্য এবার সুন্দরবনের ১৫টি জায়গায় বন বিভাগের বিশেষ দল কাজ করবে।মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান ও দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়া উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এবার রাস উৎসবে দেশের প্রত্যন্ত এলাকা থেকে এবং প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক তীর্থযাত্রী ও পর্যটকের আগমন ঘটবে বলে তিনি ধারণা করছেন। ২৮ নভেম্বর পুণ্যস্নানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।