রাস উৎসবকে ঘিরে তৎপর হরিণ শিকারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের দুবলার চরের রাস উৎসবের আগে সাতক্ষীরায় হরিণ শিকারিরা তৎপর হয়ে উঠেছে। স্থানীয় ও বহিরাগত কিছু পেশাদার শিকারি তীর্থযাত্রীর ছদ্মাবরণে রাস উৎসবের সুযোগে এখন সুন্দরবনের হরিণ শিকারের নেশায় মত্ত।রাশ উৎসব শুরু হচ্ছে ৮ নভেম্বর পূর্ণিমা তিথিতে এবং শেষ হবে ১০ নভেম্বর। পর্যটকদের পদভারে মুখরিত হবে সুন্দরবনের দুবলার চর। বঙ্গোপসাগর তীরে মেলাস্থলে সমবেত হবে লাখো মানুষ।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মুজিবর রহমান, ভেটখালী গ্রামের শহীদুজ্জামান ও শহীদুল ইসলাম, গোলাখালীর রমেশ মণ্ডলসহ অনেকেই জানান, অন্যান্য বছরের মতো এবারও রাস মেলাকে ঘিরে স্থানীয় চিহ্নিত হরিণ শিকারিরা প্রস্তুতি নিয়েছে। শ্যামনগরের গাবুরার আমিরুল ইসলাম, টেংরাখালীর বরকত গাজীসহ আরও কয়েকজন জানান, ৮ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী রাস উৎসবকে ঘিরে ইতিমধ্যে এসব এলাকার চিহ্নিত শিকারিরা বনে যাওয়ার যাবতীয় প্রস্তুতি নিয়েছে। অনেক শিকারি ইতিমধ্যে বনে ঢুকে পড়েছে।স্থানীয় লোকজন জানান, আশাশুনি, বটিয়াঘাটা, দাকোপ, কয়রাসহ অন্যান্য অঞ্চলের বেশ কিছু বহিরাগত শিকারির পাশাপাশি শ্যামনগর ও সাতক্ষীরার ৪০টির বেশি দল এবার বনে ঢোকার প্রস্তুতি নিয়েছে। শিকারিরা ফাঁস ও পাকা কলার টোপ ব্যবহার করে হরিণ শিকারের জন্য তাদের সহযোগীদের বনে পাঠিয়েছে।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম বলেন, তীর্থযাত্রীর ছদ্মাবরণে কেউ যাতে হরিণ শিকার করতে না পারে বা সুন্দরবনের সম্পদ নষ্ট করতে না পারে, এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ৭ নভেম্বর থেকে নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, বনপ্রহরী, বিজিবি ও পুলিশের যৌথ টহলের ব্যবস্থা করা হয়েছে। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।