রাসায়নিক কারখানার বর্জ্যে জীবন দুর্বিষহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে মার কোম্পানি লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানার বর্জ্য প্রবহমান খালে ফেলা হচ্ছে। এতে প্রায় ৫০ গ্রামের মানুষের জীবন ও পরিবেশ দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, দূষণের কারণে জমিতে এখন আর ভালো ফসল হচ্ছে না।
গত ২৬ নভেম্বর হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে পরিবেশবিষয়ক এক সভায় বর্জ্য ব্যবস্থাপনা তৈরি না করা পর্যন্ত মার কোম্পানিকে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কারখানা বন্ধ রাখা হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
সম্প্রতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখা গ্রামবাসীকে নিয়ে জেলা প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ১ ডিসেম্বর মার কোম্পানি এলাকা পরিদর্শন করেন। ওই দিন বাপা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ছাতিয়াইন ইউনিয়নের একতিয়ারপুর বাজারে হবিগঞ্জে সব ধরনের শিল্পদূষণ বন্ধের দাবিতে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সুলতানা কামাল বলেন, কেমিক্যাল কোম্পানির ক্রমাগত দূষণের কারণে এখানকার ৪০টি গ্রামে মানবিক বিপর্যয় নেমে এসেছে। তিনি অবিলম্বে এ কোম্পানিসহ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা সব শিল্প বন্ধের দাবি জানান।
যোগাযোগ করলে মার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক কাউসারুজ্জামান চৌধুরী জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা ইটিপির কাজ শুরু করেছেন। ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় প্রায় তিন বছর আগে তিন একর জায়গায় মার লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানা গড়ে ওঠে। বর্জ্য শোধনাগার (ইটিপি) তৈরি না করায় কারখানাটি পাশের প্রবহমান একতিয়ারপুর গ্রামের খালে বর্জ্য ফেলছে। এ খালটি জাংগাল খাল হয়ে বলভদ্র, কানাই ও খাস্টি নদীর সঙ্গে যুক্ত। আবার এ খালের একটি শাখা মিশেছে মেঘনা নদীতে। এতে দেখা গেছে, মাধবপুর উপজেলার ছাতিয়ান, বাঘাসুরা, জগদীশপুর এবং পাশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মণ্ডল, মুড়িয়াক, মুড়াকরি ও ফান্ডাউক ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
প্রথম দিকে ওই এলাকার মানুষ বর্জ্যনিষ্কাশনের বিষয়টি বুঝতে পারেনি। তিন বছর পর স্থানীয় লোকজন দেখতে পান, গ্রামের খালের পানি কালো আর বিষাক্ত হয়ে উঠেছে। আশপাশের জমিতে এখন আগের মতো ফসল হয় না। ফসল লাগালেও তা বাড়ছে না।
বাপার নেতারা গত ১১ নভেম্বর সরেজমিনে মার কারখানার বর্জ্য ব্যবস্থাপনা দেখতে যান। তাঁরা গ্রামবাসীর অভিযোগের সত্যতা খুঁজে পান। পরে ১২ নভেম্বর বাপার পক্ষ থেকে জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, মাধবপুর ও নাসিরনগর উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম পরিবেশগত হুমকিতে পড়েছে। মার কারখানায় ইটিপি ব্যবহার করা হচ্ছে না।
একতিয়ারপুর গ্রামের রজব আলী বলেন, রাসায়নিক কারখানার বর্জ্যের প্রভাব একটু বেশি। যে কারণে তাঁদের এলাকার মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে।
আরেক বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘দূষণের কারণে বহু মানুষ চর্মরোগে আক্রান্ত হয়েছে। অসহনীয় দুর্গন্ধের মধ্যে আমাদের থাকতে হচ্ছে।’
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খায়রুল ইসলাম ওরফে মনু জানান, তাঁরা দূষণের বিরুদ্ধে অনেকবার মানববন্ধন, অনশন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
বাপা হবিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, তাঁরা সরেজমিন এলাকা পরিদর্শন করে দেখেছেন মার কোম্পানিসহ আশপাশে গড়ে ওঠা শিল্প–কারখানাগুলো ইটিপির মাধ্যমে তাঁদের নিজস্ব বর্জ্য নিষ্কাশনের পরিকল্পনা নেয়নি।