বাসযোগ্য ঢাকা গড়তে পুরান ঢাকা থেকে বিপজ্জনক কলকারখানা ও দাহ্য রাসায়নিক পদার্থের গুদাম সরানো এবং ড্যাপ বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার নিমতলীর ছাতা মসজিদের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকার জনগণকে শুধু সহানুভূতি দিয়ে বাঁচিয়ে রাখা যাবে না। তাদের বাঁচাতে হলে প্রয়োজন সিদ্ধান্তের কঠোর বাস্তবায়ন। সরকার রাসায়নিক পদার্থের গুদাম সরাতে আদেশ দিয়েছে। কিন্তু তা আদেশের মধ্যেই সীমাবদ্ধ আছে। এভাবে চলতে থাকলে আবারও নিমতলী ট্র্যাজেডি ঘটতে দেরি হবে না।স্থানীয় অধিবাসীদের কয়েকজন অভিযোগ করেন, এলাকার লোভী ব্যবসায়ীরা কিছু রাজনীতিকের ছত্রছায়ায় থেকে পুরান ঢাকাকে জিম্মি করে রেখেছেন। এক সপ্তাহের মধ্যে গুদাম সরানো না হলে তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।বক্তারা যত দিন পুরান ঢাকার রাসায়নিক দ্রব্য সরানো না হয় তত দিন বিপজ্জনক কলকারখানা ও রাসায়নিকের গুদাম, ব্যবসাপ্রতিষ্ঠানে বিপজ্জনক লাল চিহ্ন ও হলুদ সংকেতযুক্ত সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করার সুপারিশ করেন।ড্যাপ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে ক্ষমতা গ্রহণের পরপর দখল হয়ে যাওয়া নদ-নদী, খাল-বিল উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। রাজধানীকে বিশ্বমানের পরিবেশসম্মত নগর করার লক্ষ্যে ড্যাপের অনুমোদন দেওয়া হয়। নিরাপদ রাজধানী গড়তে ড্যাপ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।কর্মসূচিতে সাবেক সচিব মার্গুব মোর্শেদ, আয়োজক সংগঠনের আহ্বায়ক তুসার রেহমান, বাপার সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত, স্থানীয় বাসিন্দা শফি কামাল, হাজি আকবর হোসেন প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের পুরান ঢাকার আঞ্চলিক আহ্বায়ক মোহাম্মদ শহীদ।