পুরান ঢাকার রাসায়নিক গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং এ-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বণিক সমিতিগুলোর শীর্ষ সংগঠন এফবিসিসিআই।চিঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে, ২০টি দাহ্য রাসায়নিক দ্রব্য চিহ্নিত করার কথা থাকলেও তার তোয়াক্কা না করে ঢালাওভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া কোনো রসায়নবিদ বা রাসায়নিক দ্রব্যের বিশেষজ্ঞ ছাড়াই আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে নিরীহ ব্যবসায়ীদের নাজেহাল ও হয়রানি হতে হচ্ছে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত নিয়ে ব্যবসায়ীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুতরাং সরকারের কাছে অনুরোধ, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আদালতের সব কার্যক্রম স্থগিত রাখা হোক।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, অভিযান পরিচালনার সময় এফবিসিসিআইয়ের একজন প্রতিনিধি রাখা হবে। তা তো রাখাই হয়নি, বরং কোনো রাসায়নবিদ কিংবা রাসায়নিক দ্রব্যের বিশেষজ্ঞকে সঙ্গে না নিয়ে ভ্রাম্যমাণ আদালত ঢালাওভাবে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের হয়রানি করছেন।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্যবসায়ীদের অভিযোগ সঠিক নয়। খোঁজখবর নিয়েই অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত ৬৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা যে ২০টি দাহ্য রাসায়নিকের কথা বলেছেন, ‘তা কে দিয়েছে? এই ২০টি রাসায়নিক ছাড়া অন্য রাসায়নিক যে দাহ্য নয়, এটিই বা কোথায় লেখা আছে? আবার যে ২০টি দাহ্য রাসায়নিক সরানোর কথা বলা হচ্ছে, সেসব কোথায় সরানো হয়েছে? এটি কেউ খোঁজ নিয়েছেন? এখানে ব্যবসায়ীদেরও দায়িত্ব রয়েছে।’ তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত বন্ধ করা যাবে না।দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘শুধু ব্যবসা করা হবে কিন্তু মানুষের নিরাপত্তা থাকবে না, এটি হয় না। আইনের মধ্যেই দমকলের লাইসেন্স নেওয়ার বিধান রয়েছে। সমিতিকে বলা হয়েছিল, একটি তালিকা দিতে। সেই তালিকা দমকলকে দেওয়া হয়নি। এটি দেওয়া হলে অন্তত বাণিজ্যিক এলাকায় অবস্থিত কারখানা ও গুদামের লাইসেন্স দেওয়া যেত।’বাংলাদেশ পেইন্ট ডাইস কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম এ বিষয়ে বলেন, ‘আমরা ২০টি রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে ফেলেছি। আমরা সরকারকে বলেছি, এই ২০টি দ্রব্য আমদানি করব না। কিন্তু এখন যে অবস্থা, তাতে দমকলের আইন অনুযায়ী ২০ হাজার দোকানদার ব্যবসা করতে পারছি না।’প্রসঙ্গত, পুরান ঢাকায় রাসায়নিকের কারখানা, দোকান ও গুদাম নিয়ে এই ব্যবসায় জড়িত ব্যাবসায়ীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ৬৪০ জন। সদস্য ছাড়া শুধু মিটফোর্ডেই রাসায়নিক দ্রব্যের দোকানের মালিক আছেন তিন হাজার ৮৭০ জন।