রাসায়নিক ছিটিয়ে জমির ধান নষ্ট করল দুর্বৃত্তরা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনি গ্রামে সোমবার রাতে এক কৃষকের বোরো ধানের জমিতে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর বিরূপ প্রভাবে তিন বিঘা জমির উঠতি ধানগাছ নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বজলুর রশিদ বলেন, ‘জমি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে, কী ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে স্প্রে মেশিন দিয়ে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ছিটানো হয়েছে। ফলে জমির ধান নষ্ট হয়ে গেছে।’কৃষি বিভাগ, ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্রামের প্রান্তিক কৃষক রাঙ্গা মিয়া তিন বিঘা জমিতে বিআর জাতের বোরো ধান রোপণ করেন। কৃষক রাঙ্গা মিয়া বলেন, ‘আমি এর বিচার চাই।’কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গণি জমিতে রাসায়নিক দ্রব্য ছিটানোর ঘটনা নিশ্চিত করেছেন। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এ নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।