রাসায়নিক ছিটিয়ে তিন একরের ফসল নষ্ট
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া গ্রামে শত্রুতার জের ধরে একটি চক্র গত মঙ্গলবার রাতে রাসায়নিক পদার্থ ছিটিয়ে দুই কৃষকের তিন একর জমির ধান ও পাট নষ্ট করে দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষক মহির উদ্দিন বেপারী বলেন, ‘অনেক কষ্ট করি আবাদ করছি বাহে। সউগ শ্যাষ হওয়া গেইল। ছওয়া-পোওয়া নিয়া হামরা কী খামো?’গ্রামবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাপখাওয়া গ্রামের পোরিটারি এলাকার আনছার আলী বেপারী ও তাঁর ছেলে মহির উদ্দিন বেপারীর জমি দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন প্রতিবেশী আজিজার চৌধুরী ও আকরাম চৌধুরী। মঙ্গলবার রাতে আজিজার, আকরাম ও তাঁদের লোকজন রাসায়নিক পদার্থ ছিটিয়ে মহির উদ্দিনের দুই একর জমির সদ্য শীষ বের হওয়া বোরো ধান এবং এক একর জমির পাট নষ্ট করে দিয়েছেন।গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, রাসায়নিক পদার্থের বিষক্রিয়ায় শীষ বের হওয়া ধানগাছগুলো সোনালি রং ধারণ করেছে। আর পাটগাছগুলো নেতিয়ে পড়েছে।ইউএনও মোল্লা মিজানুর রহমান জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফসলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়েছে।