রাসায়নিক ছিটিয়ে বোরো ধান বিনষ্টের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে রাসায়নিক ছিটিয়ে ১৬৮ শতাংশ জমির বোরো ধান নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় লোকজন, ভূমি অফিস ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাগুড়ি বাকাই মৌজার ১৬৮ শতক জমি নিয়ে উত্তর মাগুরা গ্রামের মোহামঞ্চদ আলী সরদার, মহব্বত আলী ও হাজি করিমের সঙ্গে পাশের মাগুরা মাদারীপুর গ্রামের এচাহাক খলিফা, সাদেক খলিফা ও করিম খলিফার বিরোধ চলে আসছিল।মহব্বত আলী সরদার ও হাজি করিম জানান, ৩০ বছর ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে বরিশাল জেলা জজ আদালতসহ উচ্চ আদালতে মামলা করে। প্রতিটি মামলায় তাঁদের পক্ষে রায় হয়। চলতি বোরো মৌসুমে ওই জমি উত্তর মাগুরা গ্রামের হালিম হাওলাদার, আবদুস ছালাম ও আবুল হোসেনের কাছে বর্গা দেওয়া হয়। মামলায় হেরে গিয়ে প্রতিপক্ষের লোকজন জমিতে রাসায়নিক পদার্থ দিয়ে বোরো ধান নষ্ট করে দিয়েছে।উত্তর মাগুরা গ্রামের বর্গাচাষি হালিম হাওলাদার, আবদুস ছালাম ও আবুল হোসেন জানান, তাঁরা বেসরকারি সংস্থা ও মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে বোরো চাষ করেন। কিছুদিনের মধ্যে খেতের ফসল ঘরে উঠত। কিন্তু শুক্রবার বিকেলে তাঁরা ব্লক ম্যানেজার মিজানুর রহমানের কাছ থেকে খেতের ফসল নষ্টের খবর পান। খবর পেয়ে গতকাল শনিবার সকালে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকরুল আলম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হানিফ হাওলাদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।এচাহাক খলিফা, সাদেক খলিফা ও করিম খলিফা অভিযোগ অস্বীকার করে জানান, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। রাতের আঁধারে কে বা কারা ঘটনা ঘটিয়েছে অথচ প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর দায় চাপাচ্ছেন। গৌরনদী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকরুল আলম বলেন, শত্রুতা করে আগাছানাশক রাসায়নিক পানির সঙ্গে মিশিয়ে ধানখেতে দেওয়ায় পুরো জমির ধান ঝলসে গেছে।খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একমাত্র অবলম্বন হচ্ছে বোরো চাষ। এ ধরনের শত্রুতা মেনে নেওয়া যায় না। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ক্ষতিগ্রস্ত চাষিরা মামলা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।