রাসায়নিক ছিটিয়ে শতাধিক বিঘার বোরো ধান বিনষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ক্ষতিকর রাসায়নিক ছিটিয়ে শতাধিক বিঘা বোরো খেতের ফসল নষ্ট করে দিয়েছেন। বুধবার পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়ন ও চিরির বন্দর উপজেলার পুন্যাট্টি ইউনিয়নে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মিজানুর রহমান ও তাঁর পরিবারের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের শমসের আলী, এনামুল হক ও দেলোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত শমসের আলী, এনামুল হক ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে তিন শতাধিক লাঠিয়াল ৩০-৪০টি মেশিন দিয়ে পার্বতীপুরের কুতুবপুর, পালিকাপুর ও চকযামিনী এবং চিরিরবন্দরের ভবানীপুর ও বিশ্বনাথপুর—এই পাঁচটি মৌজার শতাধিক বিঘা (৫০ একর) বোরো খেতে ক্ষতিকর রাসায়নিক ছিটিয়ে দেন।বুধবার বিকেল পাঁচটার দিকে সরেজমিনে দেখা যায়, কয়েকটি মাঠের বিভিন্ন খেতের ধানের চারা গাছ লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারে কান্নার রোল পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান বলেন, ‘এ কেমন শত্রুতা। আমাদের মুখের ভাত কেড়ে নিল তারা। বোরো আবাদ করতে গিয়ে ঘরের ধান-চাল শেষ হয়ে গেছে। এখন আমরা ছেলেমেয়ে নিয়ে কী খেয়ে বাঁচব।’ ক্ষতিগ্রস্ত কৃষকেরা এর প্রতিকার চেয়ে স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের কাছে গেলে তিনি পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিমকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। রেজাউল করিম জানান, তিনি বুধবার বেলা দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, তিনি গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাসায়নিক ছিটানো খেতের ধান নষ্ট হয়ে গেছে।পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।