রাসায়নিক থেকে আগুন, দুজন দগ্ধ
লালবাগের বেড়িবাঁধ এলাকায় গতকাল বুধবার বিকেলে এক লেগুনায় যাত্রীর সঙ্গে থাকা রাসায়নিকের বোতল ভেঙে আগুন ধরে গেলে দুজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন রাসায়নিক পদার্থ বহনকারী নূর আলম (২৮) ও যাত্রী নূরজাহান বেগম (৪০)।
বার্ন ইউনিটে চিকিৎসাধীন নূর আলম জানান, তিনি নেইলপলিশ তৈরির জন্য পুরান ঢাকার সোয়ারীঘাট থেকে কাচের বয়ামে এক কেজি রাসায়নিক লেগুনায় করে লালবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে রাসায়নিক ভরা বয়ামটি ফেটে গেলে আগুন ধরে যায়। এ সময় তিনি ও তাঁর পাশে বসে থাকা যাত্রী নূরজাহান বেগম দগ্ধ হন।
পরে পথচারীরা দগ্ধ অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে যান। বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক রওশন জাহান বলেন, নূর আলমের শরীরের ৩৫ শতাংশ এবং নূরজাহানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।