রাসায়নিক থেকে আগুন নেভানোর ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমতলীর আগুন নেভানোর প্রয়োজনীয় আধুনিক ব্যবস্থা ও সরঞ্জাম দমকলের ছিল না। এখনো একই ধরনের অগ্নিকাণ্ডে দমকল একেবারেই অসহায়। বিশেষজ্ঞরা জানান, যে উচ্চমাত্রার দাহ্য রাসায়নিক দ্রব্য থেকে নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড বিস্তৃত হয়েছে, তেমন আগুন পানি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। তা ছাড়া দমকলের কাছে এমন আগুন নেভানোর আধুনিক সরঞ্জাম নেই।দমকলের কর্মকর্তারা জানিয়েছেন, রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্ট ভয়াবহ আগুন নেভানোর ক্ষেত্রে যে আধুনিক সরঞ্জাম থাকা প্রয়োজন সেসব তাদের কাছে নেই। এমনকি যে গাড়ি বা জলযান ও যন্ত্রপাতি আছে তার বেশির ভাগই পুরোনো ও জরাজীর্ণ। অনেকগুলো দিনের পর দিন মেরামত কারখানায় পড়ে থাকে।যে রাসায়নিকে পানি বিপজ্জনক: বিশেষজ্ঞরা জানান, কিছু রাসায়নিক দ্রব্যে আগুন লাগলে এতে পানি ব্যবহার করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান তাজমেরী এস এ ইসলাম প্রথম আলোকে বলেন, অকটেন অ্যানিলাইন, বেরিয়াম, বেনজিন, বেনজাইন, ক্যালসিয়াম কারবাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যাডিয়াম জাতীয় রাসায়নিক দ্রব্যে আগুন নেভানোর কাজে পানি ব্যবহার করলে আগুন আরও তীব্র আকার ধারণ করতে পারে। এসব রাসায়নিক থেকে আগুন লাগলে তা নেভানোর কোনো ব্যবস্থা দমকলের নেই। এ ছাড়া বৈদ্যুতিক আগুনে সরাসরি পানি দিলে শরীরে বিদ্যুৎ প্রবাহ ঘটার আশঙ্কা থাকে। তেলজাতীয় আগুনেও পানি দিলে আগুন ছড়িয়ে যেতে পারে। তেল পানির চেয়ে হালকা। তেল পানির সঙ্গে ভেসে ছড়িয়েও পড়ে। এ ধরনের অগ্নিকাণ্ড নেভানোর জন্য বিশেষ ব্যবস্থা থাকা প্রয়োজন বলে দমকলের অভিজ্ঞ কর্মকর্তারা উল্লেখ করেছেন। অসহায় দমকল: সম্প্রতি অগ্নি প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করে। এতে দেখা যায়, ঢাকায় দমকলের কেমিক্যাল টেন্ডারের প্রয়োজন ৮৩টি, কিন্তু একটিও নেই। অগ্নিনির্বাপণ জলযানের প্রয়োজন ১২টি, আছে মাত্র একটি। ঢাকায় বিশেষ পানিবাহী গাড়ি প্রয়োজন ১১টি, আছে পাঁচটি। বহুতল ভবনের উদ্ধার প্রক্রিয়ার সরঞ্জাম প্রয়োজন ১১টি, আছে মাত্র দুটি। স্নোরকেল প্রয়োজন আটটি, আছে চারটি। জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি টেন্ডার প্রয়োজন ১১টি, আছে মাত্র একটি। ফোম টেন্ডার প্রয়োজন ১২টি, আছে ছয়টি। ব্রেকডাউন ভ্যান প্রয়োজন ছয়টি, আছে দুটি। লাইটিং ইউনিট প্রয়োজন ১০টি, আছে মাত্র দুটি। এ রকম সব মিলিয়ে দমকলের এখনই মোট ৮৩টি সরঞ্জাম প্রয়োজন। কিন্তু আছে ৬১টি।অপরদিকে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, দমকলের অধিকাংশ গাড়ি সত্তরের দশকে কেনা। দীর্ঘ দিন ব্যাবহারের ফলে এসব গাড়ি ও পাম্প অনেকগুলোই এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে এগুলো প্রায়ই বিকল হয়ে পড়ে । এবং অনেকগুলো কারিগরি কারখানায় মেরামতের জন্য দিনের পর দিন পড়ে থাকে। এ ছাড়া দমকল বিভাগে লোকবল স্বল্পতাও রয়েছে। ঢাকা বিভাগে দমকলকেন্দ্র আছে ৫৩টি। সারা দেশের ছয়টি বিভাগে মোট দমকলকেন্দ্র ২০১টি। এতে দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট জনবল রয়েছে এক হাজার ৭৫ জন। দমকলের বিভিন্ন কেন্দ্রের প্রধান কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, এই জনবল প্রয়োজনের তুলনায় অনেক কম। কর্মকর্তারা বলেন, দক্ষ জনবলের সংকটের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যায় এবং এ জন্য দুর্ঘটনাস্থলে বিপাকেও পড়তে হয়। এ ব্যাপারে দমকল অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, যে জনবল প্রয়োজন তা এখন দমকলের নেই। এ জন্য বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাব রয়েছে। তিনি জানান, এ জন্য ছয়টি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলো দীর্ঘ দিন থেকে পরিকল্পনা কমিশনে রয়েছে।