রাসায়নিক দিয়ে আম পাকাতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিপক্ব আম পেড়ে রাসায়নিক ছিটিয়ে পাকানোর প্রস্তুতি নিচ্ছিলেন দুই ব্যবসায়ী। এমন সময় হানা দেন ভ্রাম্যমাণ আদালত। পেড়ে রাখা প্রায় ১৫ মণ আম ধ্বংস করে নর্দমায় ফেলা হয়। রাজশাহীর বাঘা উপজেলায় গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আমগুলো ধ্বংস করলেও অভিযুক্ত ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হন।
আদালত সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পীরগাছা গ্রামের আবদুল খালেক ও উপজেলা সদরের মাতব্বর প্রামাণিক আমের ব্যবসা করেন। তাঁরা আগাম বাজার ধরার আশায় গতকাল দুপুরে তিনজন শ্রমিক লাগিয়ে গাছ থেকে অপরিপক্ব আম পাড়েন। এরপর শ্রমিকেরা গাছের নিচেই সেই আমে রাসায়নিক দ্রব্য ছিটাচ্ছিলেন। স্থানীয় লোকজন টের পেয়ে ইউএনওকে খবর দেন। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশসহ ঘটনাস্থলে যান। আদালতের উপস্থিতি টের পেয়ে দুই ব্যবসায়ী পালিয়ে যান। তবে তিন শ্রমিককে হাতেনাতে ধরা হয়। পরে স্থানীয় লোকজনের সামনে ওই শ্রমিকেরা কথা দেন, তাঁরা আর অপরিপক্ব আম পাড়ার কাজে যাবেন না। এরপর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে ইউএনওর নির্দেশে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে আমগুলো ধ্বংস করে নর্দমায় ফেলে দেন।