রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে আম-কাঁঠাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে ফল পাকানোর জন্য রাসায়নিক দ্রব্য মেশানো হচ্ছে। শহরের পাইকারি হাটে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে চালান দেওয়ার আগে ট্রাকের ওপরই কাঁঠাল পাকানোর জন্য বালতিতে করে রাসায়নিক ওষুধ মিশিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা জানান, প্রতি শনি, সোম ও বুধবার হাটের দিনে ২০ থেকে ২৫ হাজার কাঁঠাল ও ৫০০ মণ আম আমদানি হয়। এগুলো ঢাকাসহ বিভিন্ন জেলায় চালান হয়। স্থানীয় চাষিদের কাছ থেকে ফল কেনার পর দ্রুত পাকানোর জন্য রাসায়নিক দ্রব্য মেশানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, আমে কার্বাইড আর কাঁঠালে ইথোপেনজাতীয় ওষুধ মেশানো হচ্ছে। গত শনিবার হাটের দিন গিয়ে দেখা যায়, বিভিন্ন আড়তের সামনে ১০-১২টি ট্রাক দাঁড়িয়ে আছে। প্রত্যেক ট্রাকে আম ও কাঁঠাল ওঠানো হচ্ছে। আড়ত ব্যবসায়ী সেলিম নিজে তত্ত্বাবধান করে ট্রাকে কাঁঠাল ওঠাচ্ছেন। কাঁঠাল ট্রাকে লাইন করে সাজানোর পর রাসায়নিক দ্রব্য মেশানো পানি ছিটানো হচ্ছে। তিনি কাঁঠাল সাজানোর কাজে নিয়োজিত লেবারদের উচ্চস্বরে মেডিসিন মেশানোর নির্দেশ দিচ্ছেন। একইভাবে প্রতি আড়তের সামনেই রাখা কাঁঠালে রাসায়নিক দ্রব্য মেশানো হচ্ছে। অন্যদিকে কাঁচা আম পাকানোর ঝুড়িতে সাজানোর আগে এক টুকরো কার্বাইড দিয়ে সাজানো হয়। আবার ইথোপেনজাতীয় ওষুধ মেশানো হয় বলে জানা গেছে। আড়ত ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, এ ওষুধগুলো বাজারে হরহামেশা বিক্রি হচ্ছে। বিভিন্ন কোম্পানির নামে বিক্রি হচ্ছে। বৈধ কোম্পানির ওষুধ হওয়ায় এটা ফলে মেশানো হলে কোনো অসুবিধা নেই বলে তিনি দাবি করেন।কেশবপুর কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ আফিসার সঞ্জয় কুমার দাস বলেন, ইথোপেনজাতীয় ওষুধ লাগাতে হবে গাছে ফল থাকা অবস্থায়। ফল গাছ থেকে পাড়ার পর এ ওষুধ কোনোভাবে ব্যবহার করা যাবে না। কার্বাইড এবং এ জাতীয় ওষুধ মানবদেহের জন্য ক্ষতিকর বলে তিনি জানান।কেশবপুর বাজার বণিক সোসাইটির সভাপতি ও আড়ত ব্যবসায়ী এরশাদ আলী মল্লিক বলেন, বৈশাখ মাসের শুরুতে কার্বাইড মেশানো হয়েছিল, কিন্তু এখন আর মেশানো হয় না। আম-কাঁঠালে এখনো মেশানো হচ্ছে জানানো হলে তিনি বলেন, ‘এটা আমার জানা নেই।’ তবে তিনি রাসায়নিক দ্রব্য মেশানো আপরাধ বলে স্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, ‘কোনো প্রকার রাসায়নিক দ্রব্য মিশিয়ে ফল পাকানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’