রাসায়নিক দিয়ে ১১ বিঘা জমির ধান পোড়াল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে গত রোববার রাতে অতিমাত্রার রাসায়নিক ওষুধ প্রয়োগ করে আদিবাসীসহ চার বর্গাচাষির প্রায় ১১ বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ধামইরহাট সদর ইউনিয়নের রামরামপুর গ্রামের বর্গাচাষি আফজাল হোসেন, মসেজ উদ্দিন ও বেলাল হোসেন জানান, তাঁরা প্রায় ২০ বছর ধরে একই গ্রামের ওয়াজেদ আলী দেওয়ানের রামরামপুর মৌজার প্রায় আট বিঘা জমি চাষাবাদ করছেন। এবারও তাঁরা ওই জমিতে বোরোর আবাদ করেছেন। ধানের শিষ বের হতে শুরু করেছে। এই অবস্থায় পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার একদল সন্ত্রাসী রোববার রাতে ওই জমিতে অতিমাত্রার রাসায়নিক ওষুধ ছিটিয়ে দেয়। সোমবার সকালে তাঁরা খেতে গিয়ে দেখতে পান, ধানগাছগুলো পুড়ে হলুদ হয়ে গেছে। এ ব্যাপারে তাঁরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
একই রাতে আড়ানগর ইউনিয়নের ফুলবন গ্রামের আদিবাসী রবিউল টুডুর খেয়ারশুকনা মাঠের প্রায় তিন বিঘা জমির বোরো ধানের খেতে একইভাবে রাসায়নিক ওষুধ প্রয়োগ করে প্রতিপক্ষের লোকজন পুড়িয়ে দিয়েছে।
ধামইরহাট থানার এসআই আখতার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।