রাসায়নিক দ্রব্যের ড্রাম বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে কাভার্ড ভ্যানে থাকা রাসায়নিক দ্রব্যের ড্রাম বিস্ফোরণে ভ্যানটির চালক স্বপন (২৫) মারা গেছেন। এ সময় তাঁর ভাই রনি সামান্য আহত হন।
কদমতলী থানার পুলিশ জানায়, গাজীপুরের কালিগঞ্জ থেকে রাসায়নিক দ্রব্যের ড্রাম নিয়ে আসা একটি কাভার্ড ভ্যান বেলা একটার দিকে কদমতলী থানার মাতুয়াইলে মেডিকেল রোডে একটি সিএনজি স্টেশনের পাশের সড়কে থামে। ভ্যান থেকে নেমে চালক স্বপন ও তাঁর ভাই রনি পাশেই দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর কাভার্ড ভ্যানে থাকা ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ভ্যানের ওপরের অংশ উড়ে যায়, বাকি অংশ দুমড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান স্বপন। রনি আহত হন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, একটি কোম্পানির হয়ে রাসায়নিক দ্রব্য থিনার ড্রামে করে কালিগঞ্জে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে খালি ড্রামগুলো আনা হয় মাতুয়াইলের মেডিকেল রোড এলাকায় ওই কোম্পানির সামনে। কিন্তু ড্রামগুলো ভ্যান থেকে নামানোর আগেই বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণ রাসায়নিক বিশেষজ্ঞেরাই ভালো বলতে পারবেন।
ঘটনাস্থলে যাওয়া পোস্তগোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তফা মহসীন প্রথম আলোকে বলেন, ওই কাভার্ড ভ্যানে শ খানেক ড্রাম ছিল। অর্ধেকের মতো ড্রাম বিস্ফোরিত হয়ে ফেটে গেছে। ড্রামগুলো ইথাইন অ্যাসিড সংরক্ষণে ব্যবহৃত হয়। সাধারণত মশার ওষুধ এবং অনেক ক্ষেত্রে সুগন্ধি তৈরিতে ইথাইন অ্যাসিড ব্যবহৃত হয়। ইথাইন অ্যাসিড শুধু দাহ্য পদার্থই নয়, অক্সিজেন পেলে সেগুলো উধাও হয়ে যায়। আবার ড্রাম বা কনটেইনারে থাকলে অক্সিজেনের স্পর্শ পেয়ে বিস্ফোরিতও হতে পারে। ধারণা করা হচ্ছে, কোনো ড্রামের ছিদ্র দিয়ে অক্সিজেন ঢুকে পড়েছে। ফলে এ বিস্ফোরণ হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া কদমতলী থানার এসআই শোভন কুমার জানান, আহত রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অবশ্য পরে ঢাকা মেডিকেলে খোঁজ নিলে জানানো হয়, ওই ঘটনায় এ নামে কেউ ভর্তি হয়নি। কদমতলী থানার ওসি বলেন, হয়তো প্রাথমিক চিকিৎসা নিয়ে রনি চলে গেছেন।