জুরাইনের আলমবাগে নিহত ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের লাশের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন আগামী সোমবার পুলিশের হাতে পৌঁছাবে। এর আগে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে লাশের ভেতর ও বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক মোহাম্মদ মাকসুদ প্রথম আলোকে বলেন, ‘মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে শরীরে বিষ আছে কি না, তা রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যাবে।’ পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগামী সোমবার রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পুলিশের হাতে আসবে।’ মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘রিতার বাসার দেয়াল ও কাগজে লেখা পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন আসেনি। এসব প্রতিবেদন না আসার কারণে পুলিশ নিশ্চিত হতে পারছে না, সেখানে ঠিক কী ঘটেছিল।’ তিনি জানান, রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী স্মৃতিকে ধরতে পুলিশ ও গোয়েন্দা শাখা বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে, কিন্তু তাঁদের পাওয়া যায়নি। আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশ মোটামুটি নিশ্চিত হয়েছে। ফারজানার পরিবারের একজন সদস্য প্রথম আলোকে জানান, শুক্রবার রিতার বাড়িতে প্রথম প্রবেশ করেছিলেন গৃহকর্মী জিন্নাত আরা। ফারজানা ও তাঁর দুই সন্তানের লাশ বিছানার ওপর পড়ে থাকে দেখেন জিন্নাত। লাশের পাশে থাকা একটি চিঠি ও মুঠোফোন নিয়ে তিনি ফারজানার মায়ের বাড়িতে এসে ঘটনাটি বলে চিঠি ও মুঠোফোনটি দেন। এখানে এসে জিন্নাত আরা সংজ্ঞা হারিয়ে ফেলেন। ফারজানার পরিবারের লোকজন এ ঘটনায় সন্দেহ প্রকাশ করে বলেন, তাঁদের ধারণা গৃহকর্মী জিন্নাত আগে থেকেই আত্মহত্যার বিষয়টি জানতেন। তবে লাশ দেখেও সেখান থেকে চিঠি ও মুঠোফোন নিয়ে আসার বিষয়টি রহস্যজনক। একইভাবে বাড়ির তত্ত্বাবধায়ক আনিসও এ ঘটনা জানতে পারেন বলে তাঁরা মনে করছেন। ঘটনার পরপরই আনিস ওই বাড়ি থেকে পালিয়ে যান। তবে পুলিশের সবচেয়ে বেশি সন্দেহ বাসার গাড়িচালকের প্রতি। গাড়িচালক আল আমিন পুরো বিষয়টি আগে থেকেই জানতেন। ফারজানা মারা যাওয়ার পর গাড়ি নিয়ে চালক আল আমিন উধাও হয়ে গেছেন। পুলিশের কর্মকর্তারা বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা গেলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে ফারজানার দুলাভাই কাজী আরিফ প্রথম আলোকে বলেন, ফারজানার মামলা পরিচালনার দায়িত্ব তাঁরা আইন ও সালিশ কেন্দ্রকে দিয়েছেন। এখন থেকে তারাই মামলা পরিচালনা করবে। জীবিত অবস্থায় আইনি পরামর্শের জন্য ফারজানা ওই সংস্থার কাছে গিয়েছিলেন। এ কারণে আইন ও সালিশ কেন্দ্র মামলাটি পরিচালনা করার আগ্রহ দেখায়। গত শুক্রবার সকালে পুলিশ ফারজানা রিতা ও তাঁর দুই সন্তান পাবন ও পায়েলের লাশ উদ্ধার করে।