রাসায়নিক পল্লি স্থাপনের স্থান নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত
পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছরের বেশি সময় পর রাসায়নিক পল্লির জায়গা নির্ধারণের জন্য সভা হয়েছে। বিসিক কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত ওই সভায় জায়গার পরিমাণ নির্ধারণের জন্য আরেকটি উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপকমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর জায়গা খোঁজার কাজ শুরু হবে।সভায় বলা হয়, সড়ক ও নৌপথে যোগাযোগের সুবিধা আছে এমন জায়গায় রাসায়নিক পল্লি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সে হিসেবে কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এ পল্লি গড়ে তোলার পরিকল্পনা আছে সরকারের।এ পল্লি স্থাপনের কাজ এত দেরিতে শুরু হওয়ার কারণ জানতে চাইলে বিসিক চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, আন্তমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি রাসায়নিক পল্লির জায়গা নির্ধারণের জন্য কয়েক দিন আগে কমিটি গঠন করেছে। তবে নির্ধারিত দুই মাসের মধ্যেই তাঁরা কাজ শেষ করবেন।কমিটি সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে জায়গা নির্ধারণের জন্য উপকমিটিকে নির্দেশ দিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ এ কমিটির আহ্বায়ক।উল্লেখ্য, ২০১১ সালের ২০ এপ্রিল আন্তমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি বিসিকের চেয়ারম্যানের নেতৃত্বে রাসায়নিক পল্লির জায়গা নির্ধারণ কমিটি গঠন করে। কমিটিতে আরও থাকছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ, এফবিসিসিআই প্রতিনিধি জসীম উদ্দিন, ডিসিসিআই পরিচালক হোসেন এ সিকদার, বিসিকের পরিচালক পতিত পাবন বৈদ্য, ঢাকা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ বিস্ফোরক অধিদপ্তর, পূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও রাজউকের প্রতিনিধিরা।