রাসায়নিক সারের তীব্র ঝাঁজে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদীর পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল এলাকায় বিদ্যালয়ের সামনে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়েছে রাসায়নিক সার। সারের তীব্র ঝাঁজে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঈশ্বরদীর পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল এলাকায় বিদ্যালয়ের সামনে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়েছে রাসায়নিক সার। সারের তীব্র ঝাঁজে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

রাসায়নিক সারের তীব্র ঝাঁজে পাবনার ঈশ্বরদীর নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ঝাঁজের তীব্রতা সহ্য করতে না পেরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে এই অবস্থা থেকে মুক্তির আবেদন করেছে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ তিনটি শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলে উৎপাদন বন্ধ থাকায় বিসিআইসি কর্তৃপক্ষ তাদের আমদানি করা রাসায়নিক সার মিল এলাকায় এনে রাখছে। তবে মিল এলাকায় সার রাখার পর্যাপ্ত জায়গা থাকলেও প্রয়োজনীয় গুদাম নেই। ফলে কয়েক হাজার বস্তা সার মিলের অভ্যন্তরে, আবাসিক এলাকা ও মিল এলাকায় অবস্থিত বিদ্যালয়ের আশপাশে খোলা স্থানে রাখা হয়েছে। শেড না থাকায় পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে এসব সার। দীর্ঘদিন খোলা স্থানে রেখে দেওয়ায় সারের বস্তাগুলো বৃষ্টিতে ভিজে ও বস্তার নিচে পানি জমে তা গলে যাচ্ছে। বর্তমানে সারের সেই স্তূপ থেকে সংলগ্ন শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়ছে ঝাঁজালো গন্ধ। পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস পরিচালিত এ বিদ্যালয় মিলের আবাসিক এলাকাতেই অবস্থিত।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের শ্রেণিকক্ষের আশপাশে খোলা স্থানে ইউরিয়া সারের বস্তাগুলো স্তূপ করে রাখা। এগুলো থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে সারের তীব্র ঝাঁজ। দুই মাস ধরে এ ঝাঁজালো গন্ধ এত বেড়েছে যে শ্রেণিকক্ষে বসাই যাচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নবম শ্রেণি ও প্রাথমিক অংশের শিক্ষার্থীদের। কারণ, ওই শ্রেণিকক্ষ-সংলগ্ন স্থানেই সারের বিরাট স্তূপ রাখা।
নবম শ্রেণির শিক্ষার্থীরা অভিযোগ করে, তাদের শ্রেণিকক্ষের ৫০-৬০ গজ দূরেই স্তূপ করে রাখা হয়েছে বিপুল পরিমাণ সার। রোদের তীব্রতা বাড়লে সারের ঝাঁজের তীব্রতাও বাড়ে। এ সময় শ্রেণিকক্ষে থাকাই যায় না। চোখে-মুখে ঝাঁজ এসে লাগে। অনেকে বমি পর্যন্ত করে ফেলে। নিশ্বাস নিতেও কষ্ট হয় তাদের।
নবম শ্রেণি ক শাখার ছাত্র মেহেদী হাসান বলে, শ্রেণিকক্ষের ভেতরে সারের ঝাঁজ ছড়িয়ে পড়লে তার চোখ জ্বালা করে পানি পড়তে থাকে। তার মতো অবস্থা অন্যদেরও। তারা বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়েছে।
প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, শিক্ষার্থীরা লিখিতভাবে জানানোর পরপরই তিনি বেশি সমস্যাগ্রস্ত তিনটি শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের সরিয়ে অন্য কক্ষে নিয়ে পাঠদান করাচ্ছেন। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক আফছার উদ্দিন আহমেদকেও জানানো হয়। শিক্ষার্থীরা যাতে নিরাপদে পাঠ গ্রহণ করতে পারে, সেদিকে নজর রাখতে পরিচালনা কমিটির সভাপতি তাঁদের নির্দেশ দিয়েছেন।
এদিকে মিল এলাকায় কী পরিমাণ সার মজুত আছে, তা জানতে চাইলে মিলের কোনো কর্মকর্তাই এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মিলের একটি সূত্র জানায়, বর্তমানে এখানে প্রায় ৪০ হাজার বস্তা ইউরিয়া সার রয়েছে। এখান থেকে দেশের কয়েকটি জেলায় সার পাঠানো হয়।
মিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিষয়টি জানার পরপরই তিনি বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করেছেন। শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে শিগগিরই সারের বস্তাগুলো বিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে সরিয়ে নিতে এরই মধ্যে তিনি গুদাম ইনচার্জকে নির্দেশ দিয়েছেন বলে জানান।