রাসায়নিকে পাকানো হচ্ছে আম ও লিচু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকার উপযুক্ত সময় না হলেও বাজারে এসেছে আম ও লিচু। ক্রেতাদের নজর কেড়ে ভালো লাভের আশায় ঠাকুরগাঁওয়ের আম-লিচুবাগানের মালিক ও ব্যবসায়ীরা বিভিন্ন রাসায়নিক দিয়ে আম ও লিচু পাকিয়ে বাজারজাত করছেন। ফলে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ৬০৫ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। আমবাগান আছে এক হাজার ২৭৫ হেক্টর জমিতে। আম-লিচু মৌসুমে দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা গুটি অবস্থায় আগাম বাগান কিনে নেন। এর পর থেকে তাঁরা নির্দিষ্ট বিরতিতে ছত্রাকনাশক, উদ্ভিদ উজ্জীবক ও কীটনাশক ছিটান। আগাম বাজার পেতে লিচু ও আম রসালো হওয়ার কয়েক দিন আগেই বাগানমালিক ও ব্যবসায়ীরা শুরু করেন রাসায়নিক পদার্থ ছিটানো। রাসায়নিকের প্রভাবে অপরিপক্ব আম ও লিচুর রং উজ্জ্বল হয়ে ওঠে। এরপর তা বাজারজাত করা হয়।গতকাল শুক্রবার সকালে সরেজমিনে সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট, আকচা এলাকায় গিয়ে দেখা যায়, গাছে গাছে ঝুলছে থোকা থোকা লিচু। কোনোটি লাল, আবার কোনোটি সবুজ। লিচুবাগানের মালিক ও ব্যবসায়ীরা গাছে নানা রাসায়নিক ছিটাচ্ছেন। কোনো কোনো বাগানের লিচু পেড়ে বাজারজাত করার জন্য ঝাঁপিতে ভরা হচ্ছে।এ সময় লিচু ব্যবসায়ী তাহমির আহমেদ বলেন, গুটি অবস্থায় লিচুর বাগান কিনে নিয়ে প্রথমে হরমোনের কার্যকারিতা বাড়িয়ে ফল গঠনে সহায়তা করার জন্য জৈব উজ্জীবক ছিটিয়ে গোটা গাছ ভিজিয়ে দিতে হয়। এরপর ফল একটু বড় হলে নিয়মিত বিরতিতে কীটনাশক ছিটানো হয়। তিনি জানান, লিচু রসালো হওয়ার কয়েক দিন আগে থেকে ম্যানকোজেব, ট্রায়াকন্টানল, বোরন ও হরমোন জাতীয় নানা ওষুধ ছিটাতে হয়। সেসব ওষুধ না ছিটালে লিচু দেরিতে পাকে ও রং খুব একটা ভালো হয় না। লিচুর রং টকটকে লাল না হলে দাম অনেক কম পাওয়া যায়।পীরগঞ্জের সেনুয়া ও বালিয়াডাঙ্গীর সর্বমঙ্গলা গ্রামে গিয়ে দেখা যায়, সেখানেও আমবাগানের মালিক ও ব্যবসায়ীরা গাছের আমের রং ও আকার ক্রেতাদের নজর কাড়তে ছিটাচ্ছেন কার্বেন্ডাজিম, ট্রাইক্লোরকন, ম্যানকোজেবসহ অনেক রাসায়নিক পদার্থ।পীরগঞ্জের সেনুয়া এলাকার একটি আমবাগান কিনে পরিচর্যা করছেন চাঁপাইনবাবঞ্জের আবদুল খালেক। তিনি বলেন, আমের ভালো দাম পেতে হলে ওষুধের মাধ্যমে আমের দাগ সরাতে হয়। এ ছাড়া পোকামাকড় থেকে রক্ষার জন্য আম গাছ থেকে পাড়া পর্যন্ত প্রতি সপ্তাহে বিষ ছিটাতে হয়।ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার বাসিন্দা কলেজশিক্ষক কামরুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা ক্রেতাদের আকৃষ্ট করতে রাসায়নিক দিয়ে মৌসুমি ফল পাকাচ্ছেন, এটা প্রতিরোধ করা উচিত। শহরের ফল ব্যবসায়ী আবদুল আউয়াল বলেন, আগাম বাজার ধরার জন্য আমে এক ধরনের ওষুধ ছিটালে অল্প সময়ে আম-লিচু বাজারে তোলা যায়। সব ফল ব্যবসায়ীই একটু বেশি লাভের জন্য এ কাজ করেন।ঠাকুরগাঁও বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক আবু মো. খায়রুল কবীর বলেন, রাসায়নিক ও কীটনাশক মিশ্রিত ফল খেলে কিডনি রোগ ও ক্যানসারসহ ভয়ংকর বিভিন্ন রোগের আশঙ্কা থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক বেলায়েত হোসেন জানান, কীটনাশক প্রয়োগ করার ২১ দিনের আগে যেকোনো ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।