রাসায়নিকের গুদাম ও ফোম কারখানায় আগুন

নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জের রসুলবাগ বটতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে রাসায়নিক দ্রব্যের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। একই দিন গাজীপুরের শ্রীপুরে ফোম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রসুলবাগ এলাকায় আকস্মিকভাবে রাসায়নিকের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর অভিযোগ, রাসায়নিকের গুদামটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশীদ বলেন, ‘তদন্ত না করে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা সম্ভব নয়। আমরা ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাইনি। আর রাসায়নিকের গুদামটি অবৈধ কি না, তা কাগজপত্র দেখে বলতে হবে।’
এদিকে দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে অরবিট পলিমার নামের একটি ফোম তৈরির কারখানায় আগুন লাগে। কারখানার উৎপাদন কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, দুপুরে কারখানায় একটি মেশিন চালু ছিল। হঠাৎ বিকট শব্দে মেশিনটিতে আগুন ধরে যায়। আগুনের ফুলকি ফোমের ওপর পড়ায় দ্রুত তা কারখানায় ছড়িয়ে পড়ে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক জিহাদ হোসেন বলেন, কারখানার একটি মেশিনে ঘর্ষণের কারণে এ ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।