নিয়ন্ত্রণহীন রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি উর্বরাশক্তি হারাচ্ছে। এর একটি বিরূপ প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর। বাসযোগ্য পরিবেশ ও আগামী প্রজন্মের স্বাস্থ্যের জন্য এসব বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার। রাসায়নিক ও কীটনাশকের পাত্রে এর ক্ষতির বিষয়টি স্পষ্ট করে লেখা থাকতে হবে। গত রোববার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে বেসরকারি সংস্থা কারিতাসের পরিচালক (মৎস্য কর্মসূচি) আনোয়ারা বেগম বলেন, অধিক উৎপাদন, দ্রুত বৃদ্ধি, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, আগাছা দমন, দ্রুত ফল পাকানো, উজ্জ্বলতা বৃদ্ধি ও সংরক্ষণের জন্য মানুষ বিভিন্ন ধরনের রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করে। কিন্তু ব্যবহারের সময় পরিমাণ বা মান ঠিক থাকে না। অনেক সময় রাসায়নিক ব্যবহার করার পরপরই শাকসবজি, ফলমূল বা মাছ বাজারে আনা হয়। এতে বিষক্রিয়ার শিকার হচ্ছে মাটি, পানি ও মানুষ।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও কীটনাশক ব্যবসায়ীরা অংশ নেন। সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মদ বলেন, আগামী প্রজন্মকে বিষের প্রভাব থেকে বাঁচাতে সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বলা হয়, ক্ষতিকর এসব পণ্যের ব্যবহার একদিনে নিয়ন্ত্রণ বা বন্ধ করা যাবে না।