রাসায়নিকের ব্যবসায় পুরান ঢাকা মানুষের বাসযোগ্যতা হারাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকা থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থের সব ধরনের গুদাম ও কারখানা সরকার নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে ফেলার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শুক্রবার রাজধানীতে পৃথক আলোচনা সভা ও মানববন্ধনে সংগঠনগুলো এ দাবি জানায়। পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে অগ্নিকাণ্ডের তিন মাস পূর্তিতে নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাপা। ‘রাসায়নিক ও দাহ্য পদার্থের ঝুঁকিমুক্ত জনপদ চাই: কিন্তু কীভাবে’ শীর্ষক সভায় বক্তারা বলেন, বিপজ্জনক রাসায়নিকের নিয়ন্ত্রণহীন ব্যবসার কারণে পুরান ঢাকা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বেশির ভাগ ব্যবসায়ীরই এ কাজে সরকারি অনুমোদন নেই। মুনাফা অর্জনের জন্য মানুষের কথা না ভেবে আবাসিক এলাকায় রাসায়নিকের ব্যবসা করে যাচ্ছেন এসব ব্যবসায়ী।বাপার সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, পুরান ঢাকার প্রতিটি এলাকার বাসাবাড়ির নিচে বা পাশেই রয়েছে রাসায়নিক পদার্থের গুদাম বা কারখানা। এগুলোর কারণে মানুষের বসবাসের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে ওই এলাকা। তবে এসব গুদামের পাশাপাশি সঠিক নগরায়ণ পরিকল্পনার অভাব, ব্যবসায়িক নৈতিকতা, ব্যবসায়ীদের মানসিকতাও এ জন্য দায়ী। সভায় অনুমোদনপ্রাপ্ত রাসায়নিক পদার্থের ব্যবসায়ীরা শর্ত মানেন কি না, সে বিষয়ে সরকারের কঠোর পর্যবেক্ষণ, অনুমোদনহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, আবাসিক এলাকা থেকে এসব গুদাম ও কারখানা সরকারি বিসিক শিল্পনগর বা নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া, বাসায়নিক ও দাহ্য পদার্থের উত্পাদন, সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে প্রচলিত আইন পুনর্মূল্যায়ন ও প্রয়োজনে নতুন আইন প্রণয়নের দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুর রহমান, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, রসায়নবিদ জাহেদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।