রাসু হত্যা মামলার তিন আসামি তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে যুবলীগের কর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলায় তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নাটোরের মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী গতকাল রোববার এ রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা যায়, রাসু হত্যা মামলার আসামি তৌহিদুল ইসলাম ওরফে নিবুল, সাজেদুল ইসলাম ও উজ্জ্বল হোসেনকে গতকাল আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) হিফজুর মুন্সি আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি আদালতকে জানান, রাসু হত্যাকাণ্ডে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহূত একটি রক্তমাখা ওড়না উদ্ধার করা হয়েছে। কার নির্দেশে তারা রাসুকে হত্যা করেছে এবং আর কারা ওই ঘটনায় জড়িত তা জানতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেননি। শুনানি শেষে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আদেশ দেওয়ার পরপরই দুপুর দুইটায় আসামিদের আদালত থেকে সদর থানায় নেওয়া হয়। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কর্মকর্তারা আসামিদের জিজ্ঞাসাবাদ করছিলেন। ২৩ মে রাতে শহরের কানাইখালী জেলেপাড়া এলাকায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগের কর্মী আবু বক্করের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ ঘটনায় ২৬ মে তৌহিদুল, সাজেদুল ও উজ্জ্বলকে পুলিশ গ্রেপ্তার করে।