রাসু হত্যা মামলার দুই আসামি আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে যুবলীগের কর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলার দুই আসামিকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নাটোরের মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা এ রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, রাসু হত্যা মামলার আসামি রানা (২৬) ও সুমনকে (২৫) তিন দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি আদালতকে জানান, গত তিন দিনের রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। রাসু হত্যার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এখন এ পিস্তলটি তাঁরা কার কাছ থেকে সংগ্রহ করেছেন, সেটি জানতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আদেশ দেওয়ার পরপরই বেলা দুইটায় আসামিদের আদালত থেকে সদর থানায় নেওয়া হয়।গত ২৩ মে রাতে শহরের কানাইখালী জেলেপাড়া এলাকায় রাসুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ১ জুন রাতে রানা ও সুমনকে পুলিশ গ্রেপ্তার করে।