রাসু হত্যায় ব্যবহূত পিস্তল উদ্ধার, আরও দুজন গ্রেপ্তার
নাটোরে যুবলীগের কর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যায় ব্যবহূত পিস্তলটি পুলিশ উদ্ধার করেছে। গত বুধবার রাতে শহরের কানাইখালী এলাকার একটি দোকান থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনসহ পাঁচজনকে গতকাল বৃহস্পতিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নাটোর থানা সূত্রে জানা গেছে, মুঠোফোনের গোপন বার্তার সূত্র ধরে পুলিশ বুধবার রাতে রানা (২৬) ও সুমনকে (২৫) আটক করে। রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীমন্ডা গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের আবু বক্কর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জিজ্ঞাসাবাদে রানার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ শহরের কানাইখালী এলাকার একটি দোকান থেকে ওই পিস্তল উদ্ধার করে। এই পিস্তল দিয়েই গুলি করে রাসুকে হত্যা করা হয়েছে বলে রানা পুলিশের কাছে স্বীকার করেছেন। আবু বক্কর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ওই দুজন এবং তৌহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম ও উজ্জ্বল হোসেনকে গতকাল নাটোরের আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। আসামিদের পক্ষে আইনজীবী আরিফুর রহমান রিমান্ডের বিরোধিতা করেন। শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা হিফজুর আলম মুন্সি বলেন, এই হত্যা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।