রাসুকে হত্যার কথা স্বীকার রক্তমাখা কাপড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গ্রেপ্তার যুবলীগের কর্মী উজ্জ্বল (২০) সংগঠনের আরেক কর্মী আবু বক্কর ওরফে রাসুকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার বিকেলে পুলিশ নারদ নদ থেকে রক্তমাখা এক টুকরা কাপড় উদ্ধার করেছে।নাটোর থানা সূত্রে জানা যায়, আবু বক্কর হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে নাটোর শহরের জেলেপাড়া থেকে নিবুল (২২), উজ্জ্বল (২০) ও সাজেদ (২১) নামের যুবলীগের তিন কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শুক্রবার বিকেলে উজ্জ্বল পুলিশকে জানান, ঘটনার দিন তাঁরা কয়েক বন্ধু একটি ওড়না দিয়ে আবু বক্করের চোখ বেঁধে মহিলা কলেজের পরিত্যক্ত একটি ছাত্রীনিবাসের ভেতরে নিয়ে যান। পরে ওই ওড়নার ওপর দিয়ে পিস্তল ঠেকিয়ে তাঁর মাথায় গুলি করেন। এতে আবু বক্কর মারা যায়।ওই তিনজনকে পরে আবু বক্কর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের সদর থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মো. হিজবুর মুন্সি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে। তাঁদের গতকাল শনিবার নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। কাল রোববার (আজ) এ ব্যাপারে শুনানি হতে পারে।’জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া যুবকেরা জেলা যুবলীগের কেউ নন। তাঁরা শহর যুবলীগের নব্য কর্মী। তাঁদের বিরুদ্ধে যেকোনো আইনি পদক্ষেপ নিলে আমরা পুলিশকে সহযোগিতা করব।’