রাসেল ও শ্যামলের স্বপ্ন পূরণ হবে তো?

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও পেয়েছেন। কিন্তু ভর্তি হওয়ার মতো টাকা নেই অদম্য মেধাবী দুই ছাত্র রাসেল মিয়া ও শ্যামল পারভেজের। তাই তাঁদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে তাঁরা শঙ্কায় আছেন।
দুজনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। এর মধ্যে রাসেলের বাড়ি উপজেলার পশ্চিম শমশ্চুড়া গ্রামে। বাবা ইজ্জত আলী একজন দিনমজুর। তিনি সারা দিন খেটে যা উপার্জন করেন তা দিয়ে চলে সংসার আর চার ছেলেমেয়ের পড়াশোনা। ২০০৫ সালে বুনো হাতির পাল আক্রমণ চালিয়ে বন বিভাগের জমিতে তোলা তাঁদের ঘরবাড়ি তছনছ করে দেয়। এখন স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন ছোট ভাইয়ের বাড়িতে।
এত প্রতিকূলতা সত্ত্বেও রাসেল ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় শমশ্চুড়া উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পান। পরে ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ নেন। কিছুদিন পর শ্রীবরদী উপজেলার সেনাবাহিনীর সদস্য মো. শাহিন মিয়ার আর্থিক সহায়তায় ভর্তি হন শেরপুর সরকারি কলেজে। সেখান থেকে এ বছর তিনি জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছেন। রাসেল ২০১৬-১৭ সেশনে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ৭১৭তম স্থান লাভ করেছেন। রাসেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তাঁর সেই ছোটবেলা থেকে। কিন্তু ভর্তি হতে যে টাকা লাগবে, তা তাঁর পরিবারের নেই। রাসেলের বাবা ইজ্জত আলী বলেন, ‘আমি গরিব মানুষ। হাতে কোনো টেহা-পইসা নাই। কেমনে কী করমু, বুঝতাছি না।’
শ্যামলের বাড়ি উপজেলার দাওধারা গ্রামে। তাঁর বাবা হাফিজ উদ্দিন চা-বিক্রেতা। বর্তমানে তিনি অসুস্থ। শ্যামল চার ভাইবোনের মধ্যে সবার ছোট। সেনাসদস্য শাহিন মিয়ার আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছেন। মানবিক বিভাগে (খ ইউনিট) ৭২৮তম স্থান লাভ করেছেন তিনি। শ্যামল বলেন, ‘বড় তিন ভাইবোন বিয়ে করে আলাদা হয়ে গেছেন। বাবা অসুস্থ। টাকার অভাবে তাঁর চিকিৎসা করাতে পারছি না। এদিকে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। কিন্তু হাতে টাকা-পয়সা নেই। আমার স্বপ্ন কি পূরণ হবে না?’
শ্যামল পলাশিকুড়া উচ্চবিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। এবার এইচএসসি পরীক্ষায় হাজি নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ থেকে পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৯২।
সেনাসদস্য শাহিন মিয়া বলেন, ‘সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের একটু সহযোগিতা পেলে শ্যামল ও রাসেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণ হবে।’