রাসেল পাস করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা যা আছে, তা-ও স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। একমাত্র সম্বল সেই বাঁ পায়ের দুই আঙুল দিয়ে কলম ধরে লিখে শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) উত্তীর্ণ হয়েছে সিংড়ার সেই শিশু রাসেল মৃধা (১২)। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত পিইসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৩ দশমিক ১৭ পেয়ে উত্তীর্ণ হয় সে। রাসেল এবারের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় শোলাকুড়া আলিম মাদ্রাসা থেকে অংশ নেয়।
রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া গ্রামের কৃষক আবদুর রহিম মৃধার ছেলে। তার দুই হাত ও একটি পা নেই। শুধু বাঁ পা আছে। সেটিও মাত্র পাঁচ ইঞ্চি লম্বা। এই পা দিয়েই চলে ছেলেটির খাওয়াদাওয়াসহ জীবনের সব সংগ্রাম। ছেলের শারীরিক প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও হাল ছেড়ে দেননি রাসেলের মা-বাবা। তাঁরা সন্তানকে উৎসাহ ও সমর্থন দিয়ে যাচ্ছেন লেখাপড়া শিখে স্বাবলম্বী হতে।
রাসেলের মা লাভলী বেগম বলেন, তাঁর দুই সন্তান। রাসেন লেখাপড়া শিখে নিজে বেঁচে থাকার অবলম্বন খুঁজে নেবে বলে তাঁদের প্রত্যাশা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, রাসেলের সংগ্রাম খুবই আশ্চর্যজনক একটি বিষয়। ছেলেটির দুই হাত ও এক পা নেই। তারপরও একমাত্র ছোট্ট পা-টি দিয়ে লিখে সে পাস করেছে। ওর অদম্য স্পৃহা সবাইকে মুগ্ধ করেছে।
প্রথম আলোতে গত ২০ নভেম্বর এই রাসেলকে নিয়ে ‘এক পা দিয়ে রাসেলের পরীক্ষার লড়াই’ শিরোনামে খবর প্রকাশিত হয়।