রাসেল ভাইপার সাপ নিয়ে জনসংলাপ
ভয়ংকর বিষধর সাপ রাসেল ভাইপারের দংশন প্রতিরোধ এবং বরেন্দ্র অঞ্চলের প্রাণবৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে সচেতনতামূলক জনসংলাপ হয়েছে।
উপজেলা প্রশাসন ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর যৌথ আয়োজনে এবং রাজশাহী মেডিকেল কলেজের কারিগরি সহায়তায় উপজেলার কুমরপুর আলিম মাদ্রাসা মাঠে এ সংলাপ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক উদ্দিন। সাপ, সাপের দংশন প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন রাজশাহী মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ও পেরি-অপারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ আবু হেনা মোস্তফা কামাল। তিনি ভিডিও প্রামাণ্যচিত্রের মাধ্যমে রাসেল ভাইপারের দংশন ও চিকিৎসাপদ্ধতির বিষয়ে নানা তথ্য তুলে ধরেন। এই সাপ ও বরেন্দ্র অঞ্চলের জনমানুষের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন বারসিকের বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী গবেষক শহিদুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়, বরেন্দ্র অঞ্চলের বর্তমান পরিবেশ-প্রতিবেশের ভারসাম্যহীনতা এবং বাস্তুসংস্থানের অভাবে সাপটি লোকালয়ে বেশি দেখা দিচ্ছে।
অনুষ্ঠানে সাপের দংশন, দংশন প্রতিরোধ এবং সচেতনতামূলক পোস্টার ও ফেস্টুন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বরেন্দ্র অঞ্চল তথা গোদাগাড়ী, তানোর, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ সদর, পবা উপজেলার কৃষকসহ নানা পেশার মানুষ অংশ নেন। তাঁরা মুক্ত আলোচনার মাধ্যমে সাপ, সাপের দংশনের প্রতিকার ও করণীয় জেনে নেন।
বিশেষজ্ঞ চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল বলেন, রাসেল ভাইপার সাপে কামড় দিলে কোনো ধরনের দেরি না করে সঙ্গে সঙ্গে রোগীকে দ্রুতযানের মাধ্যমে হাসপাতালে আনতে হবে, যত দেরি করা হবে, জীবন বাঁচানো ততই মুশকিল হয়ে যাবে। এই সাপে কামড় দিলে প্রতি মিনিটে ১ শতাংশ হারে কিডনি বিকল হতে থাকে, শরীরের রক্ত জমাট বাঁধে। এই সাপের কামড়ের চিকিৎসার সার্বিক সুযোগ-সুবিধা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তিনি আরও বলেন, ‘অনেকেই বলে থাকেন, এই সাপে কামড় দিলে মৃত্যু নিশ্চিত, আসলে তা নয়। সঠিক সময়ে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে আনলে বাঁচানো সম্ভব। এই সাপের আক্রমণ থেকে রক্ষা পেতে কিছু সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া দরকার। সাধারণত পায়ের নিচে পড়লে এ সাপে কামড়ায়। তাই চলাফেরায় সতর্ক থাকতে হবে। কৃষিখেতে কাজ করার সময় পায়ে গামবুট পরে নেওয়া ভালো।’
অনুষ্ঠানের শেষ পর্বে ইউএনও কৃষকদের মধ্যে সাপের দংশন প্রতিরোধে ১০ জোড়া গামবুট বিতরণ করেন। তিনি জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালেও এই সাপের কামড়ে প্রাথমিক চিকিৎসা-পদ্ধতি চালু করবেন।
সর্বশেষ রাসেল ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের ১২ বছর বয়সী একটি শিশু মারা গেছে। গত এক বছরে এই সাপের কামড়ে বরেন্দ্র অঞ্চলে প্রায় ১৫ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে, পদ্মা নদীর তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জের চারটি, গোদাগাড়ীর ছয়টি ও পবা উপজেলার একটি গ্রামে এই সাপের উপদ্রব চরম আকার ধারণ করেছে। ভয়ে শ্রমিকেরা মাঠে কাজ করতে নামছেন না। এসব এলাকায় ফসল কাটা ও পরিচর্যার শ্রমিকের সংকট দেখা দিয়েছে।