রাসেল ভাইপারের কামড়ে আবারও মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ীতে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম কাউসার আলী (১৪)। সে গোদাগাড়ী উপজেলার আলীপুর গ্রামের মো. খেলকুর ছেলে। গত এক বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর তীরবর্তী কয়েকটি গ্রামে রাসেল ভাইপার সাপের কামড়ে ১৫ জনের বেশি মানুষ মারা গেছে।
কাউসারের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার পদ্মা নদীর চরে গরু চরাতে গেলে সাপ কামড় দেয়। এরপর তাকে হোমিও চিকিৎসকের কাছে নেওয়া হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়। গতকাল রোববার সে মারা যায়।
গোদাগাড়ীর রাজাবাড়িহাট গ্রামের কৃষক আবদুর রউফ বলেন, আলীপুরসহ আশপাশের কয়েক গ্রামে গত ২৯ এপ্রিল থেকে এ পর্যন্ত চারজন এ সাপের কামড়ে মারা গেল। স্থানীয় লোকজন সবাই এখন এই সাপ চেনে। স্যাঁতসেঁতে ভেজা জায়গায় এই সাপ থাকে। চরের মাঠে কাজ করতে যাওয়া কৃষক-রাখালেরাই এই সাপের কামড়ের শিকার হচ্ছে।