রাসেল স্মৃতি সংঘের নাম ভাঙিয়ে বিএনপি নেতাদের দখলবাজি!
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এবার শেখ রাসেল স্মৃতি সংঘের সাইনবোর্ড ঝুলিয়ে বিএনপির নেতারা আদালতের নিষেধাজ্ঞা আছে এমন একটি জমির কিছু অংশ দখল করে পাকা ভবন নির্মাণ করছেন। এ ব্যাপারে ওই জমির মালিক বলে দাবিদার এক ব্যক্তি ক্ষেতলাল থানায় অভিযোগ করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম দেওগ্রাম মৌজার এসএ ১০২৬ ও আরএস ২৮২২ নম্বর দাগের এক একর ১৩ শতক জমি কবলাসূত্রে একই গ্রামের মেহেদুল ইসলামসহ কয়েকজন ভোগ দখল করে আসছিলেন। সেই জমিতে সরকার আবাসন প্রকল্প করার সিদ্ধান্ত গ্রহণ করলে ২০০৫ সালে মেহেদুলসহ ভোগদখলকারীরা জেলা জজ আদালতে নিষেধাজ্ঞা মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০০৬ সালের ২২ জুন জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।অভিযোগ সূত্রে আরও জানা গেছে, ১২ এপ্রিল মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং একই ইউনিয়ন বিএনপির সদস্য মিলন মণ্ডল, বাবু মণ্ডলসহ কয়েকজন ওই জমির প্রায় পৌনে দুই শতাংশ দখল করে শেখ রাসেল স্মৃতি সংঘের নামে ক্লাবঘর নির্মাণকাজ শুরু করেন। ওই দিনই মেহেদুল ইসলাম ক্ষেতলাল থানায় ক্লাবঘরটির নির্মাণকাজ বন্ধের জন্য আবেদন করেন।মেহেদুল ইসলাম দাবি করেন, অনেক আগে এলাকার এক জমিদারের কাছ থেকে তিনি জমিটি কেনেন। সেই সূত্রে খাজনা পরিশোধ করে তিনিসহ অন্য ওয়ারিশরা জমি ভোগদখল করে আসছেন। জমির খারিজ পরচা সবই তাঁদের নামে আছে।বিএনপির স্থানীয় নেতা মিলন মণ্ডল জানান, ইউনিয়ন বিএনপির সদস্য বাবু মণ্ডলের ছোট ভাই মশিউর রহমান ছাত্রলীগ করেন। সেই সূত্রে শেখ রাসেল স্মৃতি সংঘের ৬২ জন সদস্যের জন্য ওই ক্লাবঘর নির্মাণ করা হচ্ছে।বিএনপির স্থানীয় নেতা বাবু মণ্ডল বলেন, ‘আমার ছোট ভাই ছাত্রলীগ করে, তারাই ক্লাবঘরটি নির্মাণ করছে। আমি এ ব্যাপারে কিছু জানি না।’মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফ আলী জানান, যারা শেখ রাসেল স্মৃতি সংঘের নামে ভবন নির্মাণ করছে, তাদের মধ্যে কেউ আওয়ামী লীগ করে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন মিঞা জানান, গতকাল শনিবার ওই জমিতে পুলিশ পাঠিয়ে ক্লাবঘর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভারতে চলে যাওয়ায় বা অন্য কারণে জমিদারদের যেসব জমি পরিত্যক্ত হয়েছে, সেসব জমি সরকারের এক নম্বর খাস খতিয়ানভুক্ত হয়ে গেছে। মেহেদুলসহ অন্যরা অবৈধভাবে দলিল করে ওই জমি ভোগদখলে রেখেছিলেন।