রাসেল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতেবিক্ষোভ
নোয়াখালীতে ব্যবসায়ী মো. রাসেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন শহরের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দারা। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে লক্ষ্মীনারায়ণপুর এলাকার কয়েক শ বাসিন্দা রাসেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নোয়াখালী প্রেসক্লাব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন রচনা করেন।
মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সময় তাঁদের দাবি-দাওয়াসংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাসেলের বাবা সিরাজ মিয়া ছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে এমান আহছান, মির্জা গালিব, আমিন উল্যাহ, রেজাউল হক, এস এম নিজাম, ইসমাইল বাহার, সিরাজ উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, দিনদুপুরে রাসেলকে মা-বাবার সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। তাই অবিলম্বে এ ঘটনায় অভিযুক্ত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
গত ২৯ মে দিনদুপুরে শহরের লক্ষ্মীনারায়ণপুরের বছিরার দোকান এলাকায় একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে ওয়েল্ডিং কারখানার মালিক মো. রাসেলকে। এ ঘটনায় রাসেলের বাবা বাদী হয়ে সুধারাম থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার পরই আসামিরা আত্মগোপন করেছে। এরই মধ্যে একাধিক স্থানে অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে পুলিশি তৎপরতায় কোনো ঘাটতি নেই।