রাস্তা আটকে আনিসুল ও তাবিথের প্রচারণা

গণসংযোগ করতে গিয়ে সড়ক আটকে মিছিল করেছেন ঢাকা সিটি করপোরেশন উত্তরের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি-সমর্থিত তাবিথ আউয়ালের সমর্থকেরা। এই দুই প্রার্থীর সমর্থকদের প্রচারণার কারণে সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। তাঁদের সমর্থকদের সমাবেশ ও মিছিলে একাধিক মাইক ব্যবহার করতেও দেখা গেছে।
গতকাল শনিবার বিকেল পাঁচটায় মিরপুর ১১ নম্বরে পূরবী সিনেমা হলের সামনে পল্লবী থানা যুবলীগের পক্ষ থেকে আনিসুল হকের টেবিল ঘড়ির পক্ষে এক পথসভার আয়োজন করা হয়। সভা উপলক্ষে পূরবী সিনেমা হলের সামনের সড়কটি বন্ধ করে দেওয়া হয়। রাস্তার দুই পাশে একাধিক মাইক স্থাপন করা হয়।
সড়কের একাংশে শতাধিক চেয়ার স্থাপন করা হয়। মিরপুর যুবলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে আসতে দেখা যায়। মিছিলের কারণে পুরো ১১ থেকে ১২ নম্বর এবং কালশী সড়কে তীব্র যানজট দেখা দেয়। সমাবেশে পল্লবী থানা যুবলীগের সভাপতি তায়জুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ অন্য নেতারা বক্তব্য দেন।
এর আগে আনিসুল হক গুলশান ১ নম্বর পার্কের সামনের সড়কে অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে প্রধান সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে নামেন। এ সময় আনিসুল হক এবং শিল্পীদের গাড়িবহরের কারণে গুলশান ১ নম্বরের শ্যুটিং ক্লাবসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এই অভিযান আধা ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়।
পরিষ্কার-পরিচ্ছন্নতার এই কার্যক্রমে অভিনেতা এ টি এম শামসুজ্জামান, ইনামুল হক, রামেন্দু মজুমদার, সাংসদ তারানা হালিম, শংকর সাঁওজাল, অরুণা বিশ্বাস ও আনিসুল হকের স্ত্রী রুবানা হকসহ অন্যান্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
অভিযান শুরুর আগে গুলশান পার্কে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় সচেতন শিল্পী সমাজের পক্ষে অভিনেতা এ টি এম শামসুজ্জামান বলেন, ‘আনিসুল হক একজন আপাদমস্তক ভদ্রলোক। তিনি কাউকে কখনো অসম্মান করে কথা বলেননি। এমন ভদ্রলোককে আমরা মেয়র হিসেবে চাই। আশা করি, তিনি ব্যর্থ হলে তার ব্যাখ্যা দেবেন না, বরং লজ্জিত হবেন।’
আনিসুল হক বলেন, ‘আমার জীবন শুরু হয়েছিল একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে। আমাকে মেয়র হিসেবে আপনারা সুযোগ দেন। আমি পাঁচ বছর আপনাদের এমনভাবে সেবা করতে চাই, যাতে রাজধানীতে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হয়।
তাবিথের প্রচারণা: বেলা ১১টায় তাবিথ আউয়ালের পক্ষে গাবতলী এলাকায় মিছিল করেন তাঁর সমর্থকেরা। গাবতলী বাসস্ট্যান্ডের সামনে প্রায় এক ঘণ্টা এই মিছিল চলাকালে গাবতলী থেকে কল্যাণপুর

পর্যন্ত বিশাল যানজটের সৃষ্টি হয়। রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো বের হতে পারেনি। পরে তাবিথ আউয়াল ও বিএনপির নেত্রী শামা ওবায়েদের নেতৃত্বে মিছিলটি গাবতলীর আনন্দ বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এতে বিএনপির হাজার খানেক কর্মী অংশ নেন।
তাবিথ গাবতলীর পথসভায় বলেন, ‘নেতা কর্মীরা এখনো গুম-খুন আতঙ্কে গণসংযোগে বের হতে পারছেন না। গুমের ভয়ে অনেক কিছুই বলতে পারি না।’
ছেলের জন্য মা নাসরিন আউয়াল বেলা ১১টায় মিরপুর-১ নম্বর এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি এই কাঁচাবাজার, নবাববাগ, বেড়িবাঁধ এলাকায় গণসংযোগ করেন।