
ঈদের বাকি মাত্র ১০ দিন। কেনাকাটার মোক্ষম সময়। দীর্ঘ ছুটি শুরুর আগে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলারও তাড়া এখন। তাই রাস্তায় প্রচণ্ড ব্যস্ততা। সেই ব্যস্ততাকে থোড়াই কেয়ার করে রাস্তা আটকে চলছে নির্মাণকাজ। ঈদের আগে কাণ্ডজ্ঞানহীন এই কাজে প্রচণ্ড ক্ষুব্ধ নগরবাসী।
বরিশাল নগরের গুরুত্বপূর্ণ সড়ক আটকে নির্মাণকাজ করায় গতকাল রোববার দিনভর দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর। তীব্র যানজটের কবলে পড়ে সদর রোড, কাটপট্টি রোডসহ আশপাশের সড়ক। অসহনীয় গরমের মধ্যে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকেও হিমশিম খেতে হয়।
সরেজমিনে দেখা গেছে, সদর রোড ও ফকিরবাড়ি সড়কের মুখে বহুতল পৌর সুপার মার্কেট নির্মাণ করছে বরিশাল সিটি করপোরেশন। গতকাল ওই ভবনের একতলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ জন্য সকাল আটটায় ফকিরবাড়ি সড়কের রাখালবাবুর পুকুর এলাকা ও সদর রোডের মুখে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। রাস্তার ওপর বালু, সিমেন্ট ও নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ঈদের সময় ব্যস্ততম এই সড়ক বন্ধ করে দেওয়ায় তার চাপ পড়ে সদর রোড, কাঠপট্টি রোড, লাইন রোড, কালীবাড়ি রোড, হেমায়েতউদ্দিন সড়কসহ আশপাশের সড়কে। দেখা দেয় সেসব সড়কে তীব্র যানজট। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে ছাদ ঢালাইয়ের কাজ। তবে বিকেল সাড়ে চারটার দিকে যান চলাচলের জন্য সড়কের একাংশ খুলে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের অনুমতি ছাড়াই রাস্তা বন্ধ করে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান নূসরাত বিল্ডার্স। এ জন্য কাজ শুরু করার পর তাতে ট্রাফিক পুলিশ বাধাও দেয়। কিন্তু ঠিকাদার দ্রুত সিটি করপোরেশন থেকে একটি অনুমতিপত্র এনে কাজ চালিয়ে যান।
বেলা সোয়া ১১টার দিকে সদর রোডের জেলগেটের সামনে কথা হয় ইজিবাইকযাত্রী আরিফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল ১০টায় হাসপাতাল রোড থেকে উঠেছি। ফজলুল হক অ্যাভিনিউ যাব। কিন্তু এক ঘণ্টার বেশি সময় ধরে সদর রোডে আটকে আছি। তীব্র গরমে অস্থির লাগছে।’ আরেক ইজিবাইকযাত্রী সামসুন্নাহার বলেন, ‘এই কাজ রোজার আগে বা ঈদের পরেও করা যেত।’
এভাবে রাস্তা আটকে দেওয়ায় সকাল ১০টার দিকে নির্মাণশ্রমিকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন পথচারী ও ট্রাফিক পুলিশের সদস্যরা। অবস্থা বেগতিক দেখে নূসরাত বিল্ডার্সের স্বত্বাধিকারী আলতাফ হোসেন দ্রুত সিটি করপোরেশন থেকে একটি অনুমতিপত্র এনে সদর রোডের মুখে দেয়ালে সেঁটে দেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর করা ওই অনুমতিপত্রে লেখা হয়েছে, উন্নয়নকাজ করার জন্য ২৬, ২৭ ও ২৮ জুন ফকিরবাড়ি সড়কের আংশিক বন্ধ থাকবে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সড়কের আংশিক বন্ধ রেখে কাজ করতে হবে।
কিন্তু বাস্তবে ঠিকাদারি প্রতিষ্ঠান গতকাল দিনভর পুরো সড়ক বন্ধ রেখে কাজ করে। বরিশাল নগর সৌন্দর্য কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, এমনিতেই যানবাহনের নিয়ন্ত্রণ নেই। তার ওপর রাস্তা আটকে কাজ করায় দুর্ভোগ বেড়েছে আরও। হেঁটে চলার অবস্থাও নেই। ব্যস্ততম সড়ক দিনের বেলা এভাবে আটকে কাজ না করে রাতে কাজ করলে দুর্ভোগ হতো না।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার দাবি করেন, রাস্তা বন্ধ করে নয়, রাস্তার এক পাশ খোলা রেখে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে।
তবে এই দাবি নাকচ করে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আবু মো. রায়হান। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী কোনো সড়কে উন্নয়নকাজ করতে হলে আগে ট্রাফিক পুলিশকে অবহিত করতে হয়। কিন্তু সিটি করপোরেশন এ ব্যাপারে কোনো অনুমতি নেয়নি। এমনকি আমাদের অবহিতও করেনি।’