
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হকের নির্বাচনী পথসভা রূপ পেল সমাবেশে। মিরপুর ১ নম্বরে রাস্তার একাংশ আটকে আয়োজিত এ সমাবেশের আয়োজক ছিলেন দলের সাংসদ আসলামুল হক।
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে আনিসুল হকের পক্ষে ঘণ্টাব্যাপী চলে মিছিল ও সমাবেশ। এ সময় রাস্তায় তীব্র যানজট ও লোকজনের চলাচলে বিঘ্ন ঘটে।
এর আগে সকাল নয়টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ইমাম ও শিক্ষকদের এক সভায় আনিসুল হক দোয়া চান। এরপর তিনি চলে গেলে সভায় আজ শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মসজিদে ভোট চাওয়ার আহ্বান জানান তাঁর নির্বাচনী প্রচার দলের একজন সদস্য।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাস্তা আটকে প্রার্থীর পক্ষে মিছিল ও সমাবেশ করা যাবে না। পথসভা করা যাবে, তবে তাতে জনগণের চলাফেরার বিঘ্ন সৃষ্টি করা যাবে না। এ ছাড়া কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচার চালানো নিষেধ। এ বিষয়ে জানতে মুঠোফোনে আনিসুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
আনিসুল হকের পক্ষে গতকাল বিকেল পাঁচটায় সাংসদ আসলামুল হক ও তাঁর ভাই জাতীয় পার্টির (মঞ্জু) নেতা মফিদুল হকের নেতৃত্বে হাজার খানেক লোকের একটি মিছিল মিরপুর মাজার রোড মোড়ে সমাবেশে যোগ দেয়।
মিছিল ও সমাবেশের কারণে মাজার রোড এলাকায় যানজট দেখা দিলে আওয়ামী লীগের কর্মীরা কিছুক্ষণ পর পর যানবাহন চলতে দেয়।
আনিসুল হক সমাবেশে বলেন, ‘বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দেশের অর্থনৈতিক উন্নয়ন করা। আমি রাজনীতি না করলেও ব্যবসায়ী হিসেবে দেশের উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা আছে।’ মেয়র হিসেবে নগরবাসীর উন্নয়নে আগামী পাঁচ বছর কাজ করার সুযোগ দিতে তিনি আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের উত্তরা অঞ্চলের ইমাম ও শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় আনিসুল হক উপস্থিত হয়ে সবার দোয়া চান। সকাল নয়টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক ইমাম-শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানান ইসলামিক ফাউন্ডেশনের মাঠ তত্ত্বাবধায়ক মো. একরামুল হক। সেখানে আনিসুল হকের পক্ষে খাবারও বিতরণ করা হয়।
জানতে চাইলে একরামুল হক মেয়রের পক্ষ থেকে খাবার দেওয়ার কথা অস্বীকার করেন। মেয়রপ্রার্থীর পক্ষ থেকে খাবার দেওয়ার কথা মাইকে ঘোষণা করা হয়েছে উল্লেখ করলে একরামুল বলেন, তিনি কিছু জানেন না।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটারদের মাঝে কোনো ধরনের খাদ্য ও পানীয় পরিবেশন করা নিষেধ।