রাস্তা আটকে প্রতিমন্ত্রীর ছেলের জমিতে প্রাচীর
মানিকগঞ্জ সদর উপজেলার দিয়ারা গোলড়া এলাকায় কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা আটকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকের ছেলের নামে করা প্রতিষ্ঠানের সাইনবোর্ড টাঙানো জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। এর প্রতিবাদে গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন কয়েক শ এলাকাবাসী।
এদিকে মহাসড়ক অবরোধকালে পুলিশের লাঠিপেটায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ তিন ব্যক্তিকে আটক করে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করেছে।
পুলিশ, এলাকাবাসী ও স্থানীয় লোকজন জানান, উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি থেকে জাগীর এলাকা পর্যন্ত দুই পাশে গত ১০ বছরে বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় মূলত জাগীর ইউনিয়নের দিয়ারা গোলড়া, চরখন্ড গোলড়া, চান্দিরচর, দিয়ারা ভবানীপুর, গ্যাড়াকুল ও বাসুদেবপুর—এ ছয় গ্রামের দুই সহস্রাধিক লোক কাজ করেন। তাঁদের পাশাপাশি গ্রামগুলোর সাত-আট হাজার অধিবাসী দিয়ারা গোলড়া গ্রামের তারু মিয়ার বাড়ির পাশে একটি মাটির রাস্তা দিয়ে মহাসড়কটিতে যাতায়াত করেন। রাস্তাটি বছর খানেক আগে সরকারি অনুদানে তৈরি করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় এক বছর আগে মহাসড়কটির পূর্ব পাশে দিয়ারা গোলড়া মৌজায় রাহাত রিয়েল এস্টেট লিমিটেড নামের সাইনবোর্ড টাঙানো ২১৮ শতক জমিতে সম্প্রতি সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। রাস্তাটির একটি অংশ ওই জমির ওপরে পড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেকের নামে ওই প্রতিষ্ঠানটির নামকরণ বলে জানান তাঁরা। সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়ায় রাস্তাটি এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এর প্রতিবাদে গতকাল সকাল নয়টার দিকে কয়েক শ নারী-পুরুষ-শিশু দিয়ারা গোলড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। সাড়ে নয়টার দিকে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের হটিয়ে দেয়।
এ সময় দিয়ারা গোলড়া গ্রামের খোদেজা আক্তার (৪৫), সাধু মিয়া (৬৫), মোহাম্মদ আলী (৫৫), চরখন্ড গোলড়া গ্রামের চান মিয়া (৬০), রিজিয়া আক্তার (৩৫), ছাহেরা খাতুন (৫৫), হাজেরা আক্তারসহ (৪৫) কমপক্ষে ১০ জন আহত হন।
পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করায় পরে চরখন্ড গোলড়া গ্রামের মো. রফিক, চান্দিরচর গ্রামের কামাল হোসেন ও দিয়ারা গোলড়া গ্রামের মারফত মাতব্বরকে আটক করে পুলিশ।
আহত ব্যক্তিরা অভিযোগ করেন, পুলিশের পাশাপাশি জেলা যুবলীগের সহসভাপতি আবু বকর সিদ্দিকও তাঁদের লাঠিপেটা করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আবু বকর।
এলাকাবাসীর অনেকে জানান, ব্যক্তিগত জমি হলেও রাস্তাটির জন্য কিছু অংশ ছেড়ে সীমানাপ্রাচীর করার বিষয়টি প্রতিমন্ত্রীকে জানানোর জন্য একাধিকবার তাঁর ঘনিষ্ঠজনদের অনুরোধ করা হয়েছে। কিন্তু এতে কোনো কাজ না হওয়া তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
প্রতিমন্ত্রী জাহিদ মালেক দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর ঘনিষ্ঠ অনুসারী জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার প্রথম আলোকে বলেন, প্রতিমন্ত্রী দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করা হবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে আটক ওই তিন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।