রাস্তা আধা কিমি ভুগছে শিক্ষার্থী শিক্ষক এবং এলাকাবাসী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শহরের জামতলা মোড় থেকে কেজি স্কুল মোড় পর্যন্ত আধা কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। একটু বৃষ্টি হলেই এ সড়কে তৈরি হওয়া গর্তে পানি জমে চলা কঠিন হয়ে যায়। ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী-পথচারীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জামতলা মোড় থেকে কেজি স্কুল মোড় পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ভূরুঙ্গামারী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়, ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল চাইল্ডকেয়ার স্কুল, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ, কিশলয় বিদ্যানিকেতন, কিশলয় নিম্নমাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে পুরো সড়ক নোংরা পানিতে তলিয়ে যায়। শিক্ষার্থীদের এক হাতে বই, অন্য হাতে জুতা নিয়ে যাতায়াত করতে হয়। যানবাহন চলাচলের সময় পানি-কাদা ছিটকে শিক্ষার্থী ও পথচারীদের গায়ে পড়ে। ছোটখাটো দুর্ঘটনা তো আছেই। নিরুপায় হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নোংরা কাদা-জল মাড়িয়ে যাতায়াত করতে হয়।
ভূরুঙ্গামারী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজেদা বেগম বলেন, ‘ওই রাস্তা দিয়া বৃষ্টির দিন যাওন যায় না। জুতা খুইলা হাতে নিয়া যাইতে হয়।’
নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দিলরুবা খানম জানায়, বিদ্যালয়ে যাওয়ার সময় খুব কষ্ট হয়। গাড়ি গেলে গায়ে পানির ছিটে এসে পড়ে। জামাকাপড় নষ্ট হয়।
জামতল এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘সড়কটির ইট-বালু উঠে খুব খারাপ অবস্থা হয়েছে। রিস্কা দিয়ে গেলেও কোমরের হাড্ডি নড়ে যায়। কর্তৃপক্ষ দেখেও দেখছে না।’
মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না হওয়ায় ছাত্রী ও শিক্ষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টি হলে আর এ পথ দিয়ে যাওয়া যায় না। জামাকাপড় নষ্ট হয়।
সড়কটির বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়কটি উপজেলা সদরে হলেও এটি গ্রাম পর্যায়ের সড়ক, পর্যায়ক্রমে সংস্কার করা হবে।