রাস্তা আর সংস্কার হয় না
নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ি থেকে পঞ্চগড়ের ভাউলাগঞ্জ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অর্থাভাবে সড়ক ও জনপথ বিভাগের এ রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। খানাখন্দে ভরে যাওয়ায় ওই পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে প্রায় দুই বছর ধরে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে ওই পথে চলাচলকারীরা।
১১ জুলাই সরেজমিনে দেখা যায়, পিচ ও খোয়া উঠে রাস্তাটি চলার অযোগ্য হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় সাত বছর ধরে এ রাস্তায় কোনো সংস্কারকাজ না হওয়ায় এ অবস্থা হয়েছে। সড়কটি নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে আমবাড়ি হয়ে পঞ্চগড়ের ভাউলাগঞ্জ দিয়ে পঞ্চগড় জেলা শহরে গেছে। এ রাস্তা দিয়েই লালমনিরহাট, হাতীবান্ধা, পাটগ্রাম, বুড়িমারী স্থলবন্দর এমনকি রংপুরও চলাচল করে লোকজন। আগে এ পথে যাত্রীবাহী বাস চলাচল করলেও রাস্তাটি ভেঙে খানাখন্দে ভরে যাওয়ায় প্রায় দুই বছর ধরে বন্ধ আছে। এখন ওই পথে সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা ও ভটভটিতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ ও সময়।
সরেজমিনে রাস্তাটি ঘুরে দেখার সময় কথা হয় ওই সড়ক-সংলগ্ন পূর্ব আমবাড়ি গ্রামের কৃষক তৈবুল ইসলামের (৩৫) সঙ্গে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘২০০৮ সাল থাকি রাস্তাটা এমন (এই রকম)। ভোট নিবার সময় সবায় কয়, জিতলে রাস্তাটা কইরবে। জাফর ইকবাল সিদ্দিকী এমপি কইছিল রাস্তাটা হবে, এখনকার এমপি আবতাব উদ্দিন সরকার কয় রাস্তাটা হবে। ওমরা এমপি হয়, রাস্তা আর হয় না।’
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আবতাব উদ্দিন সরকার অবশ্য স্বীকার করেছেন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার কথা। তিনি বলেন, ‘সড়কটি সংস্কারে আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছি। আশা করছি শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে।’
পূর্ব আমবাড়ি গ্রামের ফরহাদ হোসেন (৩০) বলেন, ‘রাস্তা খারাপ হওয়ায় প্রায় দুই বছর ধরে এ পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এখন ভটভটি, অটোরিকশাই আমাদের চলাচলের একমাত্র ভরসা।’
চিলাহাটি সরকারি কলেজের উচ্চমান সহকারী হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি ঢুকতে না পারলে এ রাস্তা থেকে লাভ কী?
নিজ ভোগডাবুরী গ্রামের ব্যবসায়ী আবদার রহমান বলেন, রাস্তাটি দিয়ে রিকশা চলাও কঠিন। এ পথেই প্রতিদিন জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, ঠাকুরগঞ্জ এলাকার প্রায় ৫০ হাজার মানুষ চলাচল করে। তিনি আরও বলেন, প্রায় ছয় মাস আগে বাইসাইকেলে চড়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় সাইকেলের রড পেটে ঢুকে একজনের মৃত্যুও হয়েছে।
রাস্তাটির ব্যাপারে কথা হয় নীলফামারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকীর সঙ্গে। তিনি সড়কটি সংস্কার জরুরি বলে স্বীকার করে বলেন, ‘আমবাড়ি থেকে ভাউলাগঞ্জ পর্যন্ত রাস্তাটি প্রায় ২০ কিলোমিটার। এটি প্রশস্ত করে সংস্কার করতে প্রয়োজন প্রায় ২০ কোটি টাকা। এ বছর আমরা তিন কিলোমিটার সংস্কার করব। মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বরাদ্দ পেলে কাজটি করা হবে।’