
রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে ইদানীং চুরি ও ছিনতাই বেড়েছে। পানি ও পয়োনিষ্কাশন-ব্যবস্থার অবস্থাও ভালো নয়। অধিকাংশ জায়গায় পানিনিষ্কাশনের নালাগুলো ভেঙে গেছে। পানিনিষ্কাশনের অধিকাংশ নালার সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে পয়োনিষ্কাশনের সংযোগ। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এ ছাড়া সেক্টরের প্রায় সব সড়কই খানাখন্দে ভরা। উঠে গেছে সড়কের কার্পেটিং ও ঢালাই। রাস্তাজুড়ে পড়ে আছে ছোট-বড় খোয়া আর কংক্রিটের চাঁই।
গত শুক্রবার ৫ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ১/এ, ২, ৩, ৩/এ, ৪, ৪/এ, ৫/এ, ৬, ৬/এ, ৮, ৯/এ, ৯/বি ও ৯/সি সড়কের সব কটিই ভাঙাচোরা। মাঝেমধ্যেই খানাখন্দ। অল্প বৃষ্টিতেই পানি জমছে। সাধারণ মানুষ আর যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। এ সেক্টরে বিভিন্ন নম্বরের ভিত্তিতে রাস্তা আছে ২২টি।
এর মধ্যে ১/এ-এর পুরো সড়ক, ২ ও ৩ নম্বর সড়কের মাঝে এবং শেষ অংশ, ওয়াক ওয়ে রোড, ৪ নম্বরের শেষে, ৫/এ, ৬, ৬/এ-এর বিভিন্ন স্থানে, ৮ নম্বরের মাঝে এবং ৯/বি ও সি-এর শেষে ও মাঝের সড়কই সবচেয়ে বেশি খারাপ।
স্থানীয় বাসিন্দা মো. কুতুবুদ্দিন বলেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ। রিকশা যেতে চায় না। হেঁটে চলাও মুশকিল। প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে আবার কিছুদিন থেকেই এলাকায় চুরি ও ছিনতাই বেড়েছে।’
ঘুরে দেখা গেল, লেকপাড়ে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এ ছাড়া ৫ নম্বর সেক্টর সেতুর ওপরে দেখা গেল কয়েকটি ভ্রাম্যমাণ সবজির দোকান। পানিনিষ্কাশনের নালা ভেঙে গেছে। কোথাও কোথাও পানিনিষ্কাশনের নালার সঙ্গে মিশেছে পয়োনিষ্কাশনের সংযোগ।
এ ব্যাপারে ৫ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি এম এ ওয়াদুদ বলেন, ‘আমাদের সেক্টরে বেশ কিছু রাস্তার অবস্থা সাংঘাতিক খারাপ। রাস্তাগুলোর দুই ধার উঁচু হওয়ায় পানি জমে থাকে। পানিনিষ্কাশনের সুনির্দিষ্ট কোনো পথ নেই। এ কারণে রাস্তাগুলো দ্রুতই নষ্ট হচ্ছে। যদিও আমরা নিজেদের অর্থায়নে কিছু রাস্তায় কাজ করিয়েছি। তারপরও পুরোটা তো আর সম্ভব নয়!’
৫ নম্বর সেক্টর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর অঞ্চলের মধ্যে পড়ে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শুধু এটা নয়, উত্তরার সব রাস্তাই কম-বেশি খারাপ অবস্থায় আছে। সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। আশা করি, পাঁচ-ছয় মাসের মধ্যে এসব সমস্যার সমাধান হবে।’