রাস্তা ও সেতুর অভাবে ১০ হাজার মানুষ দুর্ভোগে
নাটোরের বাগাতিপাড়া উপজেলার গোয়াস ও সালাইনগর এলাকার দেড় হাজার শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। মাত্র দেড় কিলোমিটার পাকা রাস্তা এবং একটি পাকা সেতুর অভাবে ওই দুই এলাকার মানুষ এই ভোগান্তিতে দিন কাটাচ্ছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার তোকিনগর, গোয়াস ও সালাইনগর এলাকার মাঝে রয়েছে বড়াল নদ। শেষের দুই গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাইস্কুল, একটি কারিগরি বিদ্যালয়, একটি কলেজ, একটি পলিটেকনিক ইনস্টিটিউট, একটি বালিকা বিদ্যালয়সহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীসহ এলাকার ১০ হাজার মানুষের চলাচলের একমাত্র পথ দেড় কিলোমিটার কাঁচা রাস্তা ও বড়াল নদের ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সেতু। সেতুটি বছরের অধিকাংশ সময় জরাজীর্ণ অবস্থায় থাকে। অপ্রশস্ত এই সেতুর ওপর দিয়ে হেঁটে চলাচল করা সম্ভব। প্রায় সময়ই হেঁটে শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না। বর্ষা এলে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। কাঁচা রাস্তাটি তখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা মাটিতে শিক্ষার্থীদের পরিধেয় কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। সেতুটি হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। কৃষিপ্রধান এলাকা হওয়ায় স্থানীয় চাষিরাও তাঁদের পণ্য বাজারে আনা-নেওয়া করতে পরিবহন ব্যবহার করতে পারেন না। ফলে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।
তকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, ‘গত এপ্রিলে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ রাস্তা ও সেতু পাকা করার আশ্বাস দেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ রাস্তা ও সেতুর মাপজোক করেন। কিন্তু হঠাৎ করে এই তৎপরতা একেবারে বন্ধ হয়ে যায়। একটি মহল সেতুটি অন্যত্র করার তদবির করতে শুরু করে। এ অবস্থায় আমরা হতাশ হয়ে পড়েছি।’
কৃষক নাসিম মাহমুদ বলেন, এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় এখানকার কৃষিপণ্য বাজারজাত করতে প্রায় সাত কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী মোজাহার আলী বলেন, রাস্তা ও সেতুটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টি বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো সাড়া পাওয়া যায়নি।