রাস্তা কেটে গ্যাস-সংযোগ গাড়ি ও জেনারেটর জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের প্রতাবগঞ্জ বাজার এলাকায় সড়ক ও জনপথের (সওজ) পাকা রাস্তা অবৈধভাবে গর্ত করে গ্যাস-সংযোগ দেওয়ার সময় গতকাল শনিবার একটি জিপ গাড়ি ও একটি জেনারেটর আটক করেছে পুলিশ।
বাঞ্ছারামপুর সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী আমির খান বলেন, ‘গ্যাস-সংযোগ নিতে কেউ আমাদের কাছ থেকে রাস্তা কাটার অনুমতি নেয়নি। রাতে আমি লোক পাঠিয়েছিলাম। যারা পাকা রাস্তা কেটে গ্যাস লাইন নিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, সওজের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা নেব।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রতাবগঞ্জ বাজার এলাকায় পাকা সড়কে গর্ত করে চারটি দোকানে সংযোগ দেওয়ার কাজ করছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাইজার ঠিকাদার জসিম এন্টারপ্রাইজের কয়েকজন শ্রমিক। বাঞ্ছারামপুর থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি জিপ গাড়ি ও একটি জেনারেটর জব্দ করে নিয়ে যায়। শ্রমিক ও দোকান মালিকেরা গ্যাস-সংযোগের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গৌরীপুর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কমল কুমার ঘোষ বলেন, বাঞ্ছারামপুর সদরে দুটি বাণিজ্যিক লাইন উত্তোলনের কথা রয়েছে। বৈধ কাগজ থাকলে পুলিশের বাধা দেওয়ার কথা নয়।
রাইজার ঠিকাদার জসিম উদ্দিন বলেন, ‘আমার একটি গাড়ি বাঞ্ছারামপুর বাজারে রাতে গ্যাস-সংযোগ দেওয়ার কাজ করছিল। সংযোগ দেওয়ার অনুমতি রয়েছে। তবে রাস্তা কাটার অনুমতি না থাকায় পুলিশ গাড়ি জব্দ করেছে বলে শুনেছি।’