রাস্তা খারাপ হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নবীনগর ও খালপাড়া গ্রামে ঢোকার তিন কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষা মৌসুমে হাঁটুসম কাদাপানি মাড়িয়ে চলতে হয় গ্রামবাসীকে। এ পথ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না।রাস্তার কারণে গ্রামের তরুণ-তরুণীদের বিয়ে ভেঙে যাচ্ছে। অন্য এলাকার আত্মীয়স্বজনেরাও গ্রাম দুটিতে বসবাসরত তাদের আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যায় না। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম দুটির বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, গেলবুড়িপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) পুরোনো কার্যালয় থেকে সোজা পথ পেরিয়ে সীমান্তের ১১৫/১১৬ নম্বর মেইন পিলার কাছাকাছি খালপাড়া, নবীনগর গ্রামের অবস্থান। গ্রাম দুটির পরই ভারতের শাহপুর গ্রাম। গ্রাম দুটিতে ঢোকার জন্য তিন কিলোমিটার দীর্ঘ চওড়া রাস্তা রয়েছে। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী। নবীনগর গ্রামের সাইফুল ইসলাম জানান, রাস্তা খারাপ হওয়ার কারণে গ্রামের আজিজুল, লিটন, জুল হোসেন, লাল্টু, আরিফুলসহ বেশ কয়েকজন তরুণ-তরুণীর বিয়ে কয়েক দফায় ভেঙে গেছে। খালপাড়া গ্রামের মেঘলাল হোসেন বলেন, সম্প্রতি তাঁদের গ্রামের ফুলনারা খাতুন, হোসনে আরা, শান্তা নাহার, উমাইয়া খাতুন, রানিয়া বেগম, সীমা, খাদিজা, শান্তাসহ আরও কয়েকজন তরুণীর বিয়ে ঠিক হয়। কিন্তু গ্রামে ঢোকার রাস্তাটি দিয়ে যানবাহন চলতে না পারায় তাঁদের বিয়ে ভেঙে যায়।নবীনগর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক গোলাম ফেরদৌস জানান, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা নেওয়ার পর রাস্তাটির কারণে অধিকাংশ শিক্ষার্থীকে পড়াশোনা বন্ধ করে দিতে হচ্ছে। নবীনগর গ্রামের ওহাব আলী বলেন, গ্রামের কেউ গুরুতর অসুস্থ হলে শহরে কোনো আত্মীয় বাড়িতে তাদের রাখতে হয়। দুর্গম রাস্তা পেরিয়ে দ্রুত হাসপাতালে নিতে না পারায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকজন রোগী মারা গেছে।খালপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানায়, রাস্তা খারাপ হওয়া গ্রামের বাইরের আত্মীয়স্বজনেরা তাদের বাড়িতে বেড়াতে আসে না। বছরের দুই ঈদসহ কোনো অনুষ্ঠানেও কেউ আমন্ত্রণ গ্রহণ করে না। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন সুলতানা বলেন, এখানে তিনি নতুন এসেছেন। সরেজমিনে রাস্তাটির ব্যাপারে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।