রাস্তা খাল কিছুই নেই, দাঁড়িয়ে আছে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশে কোনো রাস্তা নেই, নিচে নদী বা খালও নেই। চারপাশে ফসলি জমি। এর মাঝখানে দাঁড়িয়ে আছে সেতু। একটি ডোবাকে খাল বানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তিন মাস আগে এটি নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যয় হয়েছে ছয় লক্ষাধিক টাকা। এটি নির্মিত হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া মাঠপাড়া এলাকায়।এলাকাবাসী জানান, এই স্থানে সেতু নির্মাণের কারণ তাঁরা খুঁজে পাননি। সেতুটি আসলে তাঁদের কোনো উপকারে আসবে না। সংযোগ সড়ক না থাকায় আজ পর্যন্ত সেতুর ওপর কেউ উঠতে পারেনি। এলজিইডির শৈলকুপা কার্যালয় সূত্রে জানা গেছে, নির্মাণের আগে প্রকল্প প্রস্তাবে কৈখালী খালের ওপর এই সেতু হবে বলে উল্লেখ করা হয়েছে। এর দৈর্ঘ্য ৪ দশমিক ৩ মিটার এবং প্রস্থ ৩ মিটার। নির্মাণ-ব্যয় ধরা হয়েছে ছয় লাখ ছয় হাজার ৩৮২ টাকা। ২০১০ সালের ১৪ জুন স্থানীয় তন্বী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর নির্মাণকাজ শুরু করে। একই বছরের ২০ ডিসেম্বর কাজ শেষ হয়েছে।সেতুর পাশের বাড়ির বাসিন্দা রোস্তম আলী শেখ জানান, যে স্থানে সেতুটি নির্মাণ করা হয়েছে, সেই স্থানে কোনো খাল নেই। তা ছাড়া সেখানে কোনো রাস্তাও নেই। এখানকার ডোবায় বর্ষা মৌসুমে কিছুটা পানি জমে। তবে সেই পানি পার হওয়ার প্রয়োজন হয় না। কারণ মাঠে যাওয়ার বিকল্প রাস্তা আছে।শৈলকুপা উপজেলা প্রকৌশলী সামছুর রহমান জানান, জনগণের চাহিদার কারণে সেতুটি করা হয়েছে। দুই পাশে রাস্তা না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ওই স্থানে রাস্তা হবে। রাস্তা হলে ধাওড়া গ্রামের মানুষ ওই সেতু দিয়ে সহজেই মাঠে যেতে পারবে। এ কারণেই সেতুটি নির্মাণ করা হয়েছে।এলজিইডির ঝিনাইদহ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তানজীব সারোয়ার ওই স্থানে খাল আছে বলে দাবি করেছেন। তিনি জানান, ওই স্থানে শিগগিরই রাস্তা নির্মাণ করা হবে। এ কারণে যাতায়াতের সুবিধার জন্য সেখানে সেতুটি নির্মাণ করা হয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার জানান, সেতু নির্মাণের বিষয়ে তিনি কিছু জানেন না।