রাস্তা খুঁড়তে হলে ছয় মাস আগে জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কোনো সংস্থা রাস্তা খুঁড়তে চাইলে অন্তত ছয় মাস আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষকে জানাতে হবে। ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসনের অধীনে থাকা খালগুলো আগামী তিন মাসের মধ্যে অবৈধ দখলমুক্ত করে পরিষ্কার করতে হবে। কোনো সংস্থা তাদের নিজস্ব জমি বা ভবনে বিজ্ঞাপন ফলক ও বিলবোর্ড বসাতে চাইলে ডিএনসিসির অনুমতি নিতে হবে।
গতকাল বুধবার দুপুরে ডিএনসিসির নতুন ভবনে ২৬টি সেবা সংস্থার প্রধানদের এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএনসিসি মেয়র আনিসুল হকের সভাপতিত্বে সভায় মোট ২১টি বিষয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন সেবা সংস্থার প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, আগামী দুই-আড়াই বছরে ডিএনসিসি প্রায় ৫০০ কিলোমিটার রাস্তা সংস্কার করবে। ওয়াসা এই সময়েই প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পাইপ বসাবে। সব সংস্থার মধ্যে সমন্বয় না হলে জনদুর্ভোগ কমানো যাবে না। এই শহরের সবচেয়ে বড় সমস্যা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা।
সভায় ফার্মগেট, মিরপুর ১০ নম্বর, কাকলী, বিমানবন্দরসহ ১২টি গুরুত্বপূর্ণ সড়কের যানজট নিরসনে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি আগামী এক মাসের মধ্যে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে এবং এসব এলাকার যানজটের সর্বশেষ অবস্থা মেয়রকে জানাবে।
ঢাকায় ৪৩টি খালের মধ্যে ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণে ২৬টি এবং ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে ৮টি। সভায় বলা হয়, এসব খাল যথাযথভাবে নিষ্কাশন না করায় এবং খালগুলো অবৈধ দখলে চলে যাওয়ায় বৃষ্টির পানি নামতে পারে না। ফলে নাখালপাড়া, মিরপুর ১২ নম্বর, কালশী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সভায় এসব খাল আগামী তিন মাসের মধ্যে অবৈধ দখলমুক্ত করে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।
অন্য সংস্থার অধীনে থাকা গুলশান পার্ক, বনানী খেলার মাঠ ও মোহাম্মদপুর পার্ক হস্তান্তর করার জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ডিএনসিসি। কিন্তু এখন পর্যন্ত পার্কগুলো হস্তান্তর করা হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পার্কগুলো হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।
শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-সংলগ্ন রাস্তা এবং আগারগাঁও এলাকার সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের সামনের রাস্তা গণপূর্ত অধিদপ্তরের। বনানী লেভেল ক্রসিং থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। এই সড়কগুলো ডিএনসিসির কাছে হস্তান্তর না করায় সড়ক সংস্কার, বর্জ্য সরানো, সড়কবাতি মেরামতসহ বিভিন্ন কাজ বাধাগ্রস্ত হয় বলে জানান ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত হয়, কোনো সংস্থা তাদের নিজস্ব জমি বা ভবনে বিজ্ঞাপন ফলক ও বিলবোর্ড বসাতে চাইলে ডিএনসিসির অনুমতি নিতে হবে। অনুমোদন গ্রহণ করে নির্দিষ্ট পরিমাণ করও পরিশোধ করতে হবে।
একেক সংস্থা একেক সময় ডিএনসিসির রাস্তা, ফুটপাত খোঁড়াখুঁড়ি করায় জনদুর্ভোগ বাড়ে। এই অবস্থা থেকে উত্তরণে অর্থবছরের শুরুতেই বিভিন্ন সংস্থাকে তাদের উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে যেসব রাস্তা, ফুটপাত খোঁড়াখুঁড়ি করতে হবে, সেটির সুনির্দিষ্ট তালিকা ডিএনসিসিতে পাঠাতে হবে। কোনো সংস্থার যেকোনো প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে রাস্তা খোঁড়ার সময়সূচি ছয় মাস আগে জানাতে হবে।
ডিএনসিসি এলাকায় বিভিন্ন সংস্থার যাত্রীছাউনি আছে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এসব যাত্রীছাউনিতে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করতে গেলে বিভিন্ন সংস্থার থেকে দেওয়া ইজারার কাগজ দেখানো হয়। তখন ডিএনসিসির কিছু করার থাকে না। সভায় সিদ্ধান্ত হয়, ডিএনসিসি, রাজউক ও বিআরটিসি মিলে যাত্রীছাউনিগুলোর বিষয়ে ব্যবস্থা নেবে।
করপোরেশনের ধার্য করা করের বিষয়ে আপত্তি থাকলে হোল্ডিং মালিক বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করতে পারেন। বর্তমানে এ রকম ১ হাজার ৭৬১টি আবেদন কমিশনারের কার্যালয়ে নিষ্পত্তির অপেক্ষায় আছে। ডিএনসিসির পক্ষ থেকে এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করার দাবি জানানো হয়।
সভায় বলা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়কদ্বীপে বা ফুটপাতের ওপর স্থাপিত পুলিশ বক্স জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। ডিএনসিসি নিজ উদ্যোগে এসব স্থানে সুন্দর ও ব্যবহারের উপযোগী পুলিশ বক্স নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।