রাস্তা খুঁড়ে ঠিকাদার লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার একটি রাস্তা খুঁড়ে ঠিকাদার লাপাত্তা হয়েছেন। কর্তৃপক্ষ পাঁচবার চিঠি দিয়েও ঠিকাদারের কোনো সাড়া পায়নি। দীর্ঘ ১৬ মাস ধরে রাস্তা খুঁড়ে রাখায় লোকজনকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বাগমারা থানা মোড় থেকে শিবজাইট পর্যন্ত ৫৬ লাখ ছয় হাজার ১৬৫ টাকা ব্যয়ে দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজটি পান নাটোরের ঠিকাদার আসাদুজ্জামান। ২০১০ সালের ২৬ আগস্ট কার্যাদেশ পেয়ে তিনি কাজ শুরু করেন। কেটে ফেলেন (বক্স) পুরো রাস্তা। এ জন্য তিনি উপজেলা এলজিইডি কার্যালয় থেকে পাঁচ লাখ টাকাও উঠিয়ে নেন। কাজটি শেষ করার কথা ছিল গত বছরের ১ ফেব্রুয়ারি। কিন্তু টাকা উঠিয়ে নেওয়ার পরে আর কাজ করেননি ঠিকাদার। বক্স কেটে ও কিছু অংশে বালি ফেলে সটকে পড়েন তিনি। স্থানীয় লোকজন জানান, ভবানীগঞ্জ-পুঠিয়া সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের রাস্তা এটি। এ রাস্তা দিয়ে সহজেই তাহেরপুরসহ অন্য এলাকায় যোগাযোগ করা সম্ভব। বাগমারা থানা সদরের সঙ্গে সহজে ও অল্প সময়ে যোগাযোগ করা যায় এই সংযোগ সড়কের মাধ্যমে। তবে রাস্তার বেহাল অবস্থার কারণে লোকজনকে অতিরিক্ত ১৪ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি নিয়ে চলাচল করতে গিয়ে বালিতে চাকা আটকে যাওয়ার দৃশ্য দেখা মেলে অনেক। অনেক স্থানে স্থানীয় লোকজন মাটি কেটে গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করেছেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, উপজেলার সন্ত্রাসকবলিত গোয়ালকান্দি, তাহেরপুর, হামিরকুৎসা ইউনিয়ন এলাকায় কম সময়ে পৌঁছার সহজ ও সংক্ষিপ্ত রাস্তা এটি। রাস্তার কাজ শেষ না হওয়ায় তাঁদেরও অতিরিক্ত পথ ঘুরে ওইসব এলাকায় পৌঁছাতে হয়। বাগমারার ভ্যানচালক মকবুল হোসেন জানান, রাস্তা খুঁড়ে রাখায় মালামাল নিয়ে এবং খালি গাড়ি নিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। নিরুপায় হয়ে অতিরিক্ত ১৪ কিলোমিটার ঘুরে তাহেরপুর যেতে হচ্ছে। রাস্তা না খুঁড়ে আগের অবস্থায় রাখলেও ভালো হতো বলে মন্তব্য করেছেন খাজাপাড়ার কলেজশিক্ষক আশরাফুল ইসলাম। বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী জানান, তাঁকে প্রতিদিন এ রাস্তা দিয়ে তিন থেকে চারবার চলাচল করতে হয়। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় একাধিকবার বিষয়টি উত্থাপন করেও কোনো কাজ হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, এলজিইডি কর্তৃপক্ষ এ পর্যন্ত পাঁচবার চিঠি দিয়েও ঠিকাদারের কোনো জবাব পায়নি বলে জানান সহকারী প্রকৌশলী প্রদীপ সিংহ। উপজেলা প্রকৌশলী হোসেন আলী মীর জানান, কাজ ফেলে ঠিকাদার চলে গেছেন। তাঁকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। এখন তাঁর জামানত বাজেয়াপ্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।এ ব্যাপারে ঠিকাদার আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।